'৭০-এর নির্বাচনের তথ্য নির্বাচন কমিশনে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নির্বাচন কমিশনের (ইসি) কাছে ১৯৭০ সালের জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের তথ্য চেয়েছে।
তবে ইসি সচিবালয় থেকে জানা গেছে, বর্তমানে তাদের কাছে ১৯৭০-এর নির্বাচনের কোনো তথ্য নেই। শেষ ভরসা হিসেবে ইসি আশা করছে, জাতীয় সংসদের গ্রন্থাগারে এ তথ্য পাওয়া যেতে পারে। এ জন্য ইসি সচিবালয়ের দুজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, সংসদ গ্রন্থাগারে না পাওয়া গেলে ন্যাশনাল আর্কাইভসে খোঁজ নেওয়া হবে।
১৯৭০ সালের জাতীয় পরিষদের নির্বাচন হয়েছিল ৭ ডিসেম্বর এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়েছিল ১৭ ডিসেম্বর। ইসি সচিবালয়ের তথ্যানুযায়ী, ১৯৫৬ থেকে ১৯৭০ সাল পর্যন্ত নির্বাচন কমিশন ছিল মালিবাগের মোমেনবাগে। দেশ স্বাধীন হওয়ার পর তা আগারগাঁওয়ে স্থানান্তরিত হয়।
ইসি সচিবালয়ের কর্মকর্তাদের কেউ কেউ মনে করেন, মুক্তিযুদ্ধের সময় সত্তরের নির্বাচনের দলিলপত্র নষ্ট হয়ে যায়। কারও কারও মতে, মালিবাগ থেকে আগারগাঁওয়ে স্থানান্তরের সময় এসব নথি হারিয়ে যায়। আবার কেউ কেউ মনে করেন, সত্তরের নির্বাচনের নথি বর্তমান ইসি সচিবালয়ে ছিল। কিন্তু দীর্ঘ সময় গ্রন্থাগার না থাকায় নথিগুলো নষ্ট হয়ে যায়। ইসি সচিবালয় সূত্র জানায়, সংসদ গ্রন্থাগারে সত্তরের নির্বাচনের তথ্য খুঁজতে সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব আতিয়ার রহমান ও শাহ আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের সহযোগিতা করার জন্য ইসি সচিবালয় থেকে সংসদ সচিবালয়কে চিঠিও দেওয়া হয়েছে।
গত ১২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ১৯৭০ সালের নির্বাচনের যাবতীয় তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়। মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার কাজের সুবিধার্থে এ তথ্য চাওয়া হয়েছে বলে ইসি সচিবালয় সূত্র জানায়।