’৭১-এ হত্যা ও লুটপাটের অভিযোগে মামলা
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় এক মুক্তিযোদ্ধাকে হত্যা, বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে শেরপুরে গতকাল মঙ্গলবার একটি মামলা হয়েছে। জেলা শহরের মধ্যশেরী মিয়াবাড়ি এলাকার মোমিনুল ইসলাম লিটন শেরপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাটি করেছেন।মামলায় মধ্যশেরী মিয়াবাড়ী এলাকার মো. রশিদ উদ্দিন মাহমুদ ওরফে কাজী মাহমুদসহ (৬৫) অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।মামলার আরজিতে বলা হয়েছে, বাদী মোমিনুল ইসলাম লিটনের বড় ভাই মুক্তিযোদ্ধা শহীদ আশরাফুল আলমকে ১৯৭১ সালের ১৬ আগস্ট বিকেলে তাঁদের মধ্যশেরী মিয়াবাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণ করেন প্রতিবেশী কাজী মাহমুদ। এ সময় কাজী মাহমুদ ও তাঁর সহযোগীরা তাঁদের বাড়িঘরে লুটপাট করে এক লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে যান এবং কেরোসিন ছিটিয়ে বাড়িঘর আগুনে পুড়িয়ে দেয়।