'৭১ থেকে '৭৯ পর্যন্ত রাষ্ট্রপতিদের অবসর ভাতা দিতে আইন সংশোধন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় থেকে ১৯৭৯ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী ব্যক্তিদের অবসর ভাতা সুবিধার আওতায় আনতে আইন সংশোধনের প্রক্রিয়া চলছে। গতকাল বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
এম আবদুল লতিফের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দ্য প্রেসিডেন্টস পেনশন অর্ডিন্যান্স, ১৯৭৯ অনুযায়ী বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতিগণ অবসর ভাতা প্রাপ্য। ১৯৮৮ সালে এ আইন সংশোধন করা হয়। কিন্তু এ আইন কবে থেকে কার্যকর হবে, সে সম্পর্কে মূল আইনে কিছু বলা হয়নি। অপরদিকে সংশোধিত আইনে এটি ১৯৮৮ সালের ৪ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা বলা আছে।
মতিয়া চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সময় থেকে ১৯৭৯ সাল পর্যন্ত (অধ্যাদেশ জারির সময় পর্যন্ত) দায়িত্ব পালনকারী রাষ্ট্রপতিদের প্রাপ্য অবসর ভাতার বিষয়ে ১৯৭৯ সালে জারিকৃত অধ্যাদেশে সুস্পষ্ট করা হয়নি। সে জন্য মুক্তিযুদ্ধের সময় থেকে ১৯৭৯ সাল পর্যন্ত দায়িত্ব পালনকারী রাষ্ট্রপতিদের অবসর ভাতা দেওয়ার জন্য আইনটি সংশোধন করা হচ্ছে। এ ছাড়া যাঁরা অবৈধ পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিলেন বলে সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন, তাঁরা অবসর ভাতা কিংবা অন্যান্য সুবিধা পাবেন কি না, সেটাও সংশোধিত আইনে স্পষ্ট করা হবে।