ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, ‘আমরা যে সময় অতিক্রম করছি বাংলাদেশে এই সময়টা আমাদের জন্য অপ্রত্যাশিত এক অর্থে। ১৯৭১ সালে যখন আমরা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, তখন যেসব মূল্যবোধ আমাদের চোখের সামনে আসত, আজ তার প্রত্যেকটি আক্রান্ত।’
রাজধানীর সেগুনবাগিচায় আখতার ইমাম মিলনায়তনে গতকাল সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে আনিসুজ্জামান এ কথা বলেন। একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক অরূপ রতন চৌধুরীর ৬৪তম জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের সংগীতবিষয়ক মাসিক পত্রিকা সরগম এ অনুষ্ঠানের আয়োজন করে।
আনিসুজ্জামান আরও বলেন, ‘অরূপ রতন মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছেন। তাঁকে শব্দসৈনিক বলা হয়। আমি আশা করি, অরূপ রতন আমাদের নেতৃত্ব দেবেন। আমরা পরস্পরের হাতে হাত রেখে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, ন্যায়পরায়ণ বাংলাদেশ গড়ে তুলব।’
জন্মদিনের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বক্তব্য দেন। তথ্যমন্ত্রী অরূপ রতনের দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে সরগম সাংস্কৃতিক দলের শিল্পীরা ‘আগুনের পরশমণি’ গানটি পরিবেশন করেন। কাজী রওনাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, কণ্ঠশিল্পী খুরশিদ আলম, কণ্ঠশিল্পী ফকির আলমগীর, চলচ্চিত্র ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন প্রমুখ উপস্থিত ছিলেন।