’৭২-এর সংবিধানে ‘কাটাছেঁড়া’ মানবে না সেক্টর কমান্ডারস ফোরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহাত্তরের ধর্মনিরপেক্ষ সংবিধানের মূল আদর্শের ওপর কোনো ‘কাটাছেঁড়া’ মানা হবে না বলে জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে এক মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধের রণাঙ্গনের নেতাদের সংগঠনটি এ কথা বলেছে।সেক্টর কমান্ডারস ফোরাম জাতীয় প্রেসক্লাবে সংবিধান সংশোধন বিষয়ে ওই মতবিনিময় সভার আয়োজন করে। এতে সংগঠনটির নেতারা বলেন, মূল সংবিধানের ভিত্তি রদবদল করা ঠেকাতে প্রয়োজনে তাঁরা অনশন, মানববন্ধন ও হরতালের মতো কর্মসূচি দেবেন।বিভিন্ন শ্রেণী ও পেশার বিশিষ্ট নাগরিকেরা মতবিনিময়ে অংশ নেন।সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি এ কে খন্দকার সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির উদ্দেশে বলেন, ‘ধর্মনিরপেক্ষ দেশ গড়ার জন্যই লাখো মানুষ মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিলেন। সুতরাং বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি করতে দেওয়ার প্রশ্নই আসে না। আপনাদের প্রতি আহ্বান, এই ভুলটি করবেন না। দেশকে সর্বনাশের দিকে নিয়ে যাবেন না।’এ প্রসঙ্গে এ কে খন্দকার ধর্মনিরপেক্ষতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর ‘আওয়ামী মুসলিম লীগ’ থেকে দলের নাম ‘আওয়ামী লীগ’ করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘একটি সত্যিকার গণতান্ত্রিক দলের কোনো ধর্মবিশ্বাস থাকতে পারে না। তা হলে এখন রাষ্ট্রের ধর্ম থাকবে কেন?’সংগঠনের সহসভাপতি কে এম সফিউল্লাহ বলেন, ধর্মভিত্তিক রাজনীতি ও অন্যান্য বিশেষ ধর্মাশ্রয়ী আদর্শের বিরুদ্ধেই আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। এখন তা সংবিধানে বহাল রাখা হলে মুক্তিযুদ্ধে শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা করা হবে।সফিউল্লাহ বলেন, সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রাখার দাবিতে জাতীয় সংসদের সামনে অনশন ও প্রয়োজনে হরতালের মতো কর্মসূচি দেওয়া হবে।আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সদস্য তোফায়েল আহমেদ অন্য আলোচকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘আপনাদের চিন্তা ও চেতনার সঙ্গে আমিও একমত। তবে আমি দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারি না।’সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক লে. জেনারেল হারুন অর রশীদ বলেন, বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানের সমন্বয়ে গঠিত। মুক্তিযুদ্ধে আমরা একসঙ্গে যুদ্ধ করেছি। ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বা রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে যুক্ত হলে অন্যান্য ধর্মাবলম্বীকে ছোট করা হবে, যা সংবিধানের মূল চেতনার পরিপন্থী।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বাহাত্তরের সংবিধানের মূল ভিত্তি রক্ষার জন্য জাতীয় আন্দোলন গড়ে তোলা অতি জরুরি।যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নিয়ে গঠিত সংগঠন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বাহাত্তরের সংবিধান পুনর্বহালের দাবির উল্লেখ করে বলেন, ‘২০০৮ সালে আমরা আওয়ামী লীগের সঙ্গে একসঙ্গে কাজ করেছি। এখন যদি আমাদের মহাজোটের বিরুদ্ধে যেতে হয়, এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে।’বাহাত্তরের সংবিধানের সৌন্দর্য ছিল মুক্তিযুদ্ধের মূল চেতনা সমতা—এই মন্তব্য করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘এখন রাষ্ট্রধর্ম ইসলাম করে প্রথমেই যদি ১৫ শতাংশ মানুষকে সংবিধান থেকে বাদ দিয়ে দিই, সেই খণ্ডিত রাষ্ট্র কি মুক্তিযুদ্ধের চেতনা বহন করে?’মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী বলেন, পাকিস্তানের মতো ধর্মভিত্তিক রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করে সব ধর্মের লোক মিলে এই দেশ সৃষ্টি করেছিল। ধর্মের কথা বলে কোনো গোঁজামিলের আশ্রয় নেওয়া ঠিক হবে না।স্থপতি মোবাশ্বের হোসেন সরকারের উদ্দেশে বলেন, পরবর্তী নির্বাচনে জয়লাভের জন্য অন্যায়কে প্রশ্রয় দেবেন না।সাবেক সচিব সৈয়দ রেজাউল হায়াত বলেন, ‘বলা হচ্ছে, রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লাহ বাদ দিলে মুসলমানদের অনুভূতিতে আঘাত লাগবে। তাহলে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানদের অনুভূতিতে আঘাত লাগবে না?’ সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘যাদের ভোটের জন্য সরকার সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম রাখতে চাইছে, বাংলাদেশকে ইসলামি প্রজাতন্ত্র করলেও তাদের ভোট পাবে না।’সম্মিলিত ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা জিয়াউল হাসান বলেন, ‘কোরআন পড়তে যেখানে বিসমিল্লাহ পড়তে বাধ্য করা হয়নি, সেখানে সংবিধানের শুরুতে বিসমিল্লাহ পড়তে বাধ্য করা অন্যায়। সংবিধানে বিসমিল্লাহ থাকলে অন্য ধর্মের লোকেরা তা গ্রহণ করবে না।’অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান, জঙ্গিবাদবিরোধী মঞ্চের যুগ্ম সমন্বয়ক জিয়াউদ্দিন তারেক আলী, নারী প্রগতি কেন্দ্রের প্রধান রোকেয়া কবির প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক হারুন হাবীব।