’৭৩-এর অধ্যাদেশ অনুসারেই বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে গতকাল রোববার দায়িত্ব গ্রহণ করে অধ্যাপক আনোয়ার হোসেন বলেছেন, ‘১৯৭৩-এর অধ্যাদেশ অনুসারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল নির্বাচনে সব পদক্ষেপ নেওয়া হবে। আমার নিজস্ব কোনো পরিকল্পনা নেই। এই বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে নিয়ে আমার পরিকল্পনা। তাঁদের সঙ্গে আলোচনার মধ্য দিয়েই সব সমস্যার সমাধান হবে। সবার সহযোগিতার মধ্য দিয়ে স্বপ্নের বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।’ বেলা তিনটায় উপাচার্যের কার্যালয়ে সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। এ সময় সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। এরপর সিনেট হলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতি, সাংবাদিক সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপাচার্যকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। তবে শিক্ষক সমিতির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়নি।