'৭৯ সালের আগের রাষ্ট্রপতিরাও এর আওতায় আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় থেকে ১৯৭৯ সাল পর্যন্ত যাঁরা দেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, তাঁরা বিদ্যমান রাষ্ট্রপতির অবসর ভাতা আইনের আওতায় নেই। সরকার সাবেক এই রাষ্ট্রপতিদেরও অবসর ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ১৯৭৯ সালের পর যাঁরা রাষ্ট্রপতি ছিলেন, কেবল তাঁরা এবং তাঁদের পরিবারের সদস্যরা রাষ্ট্রপতির অবসর ভাতা-সুবিধা পাচ্ছেন।
গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘রাষ্ট্রপতির অবসর ভাতা আইন, ২০১৪’-এর খসড়া উত্থাপন করা হয়। বৈঠকে ’৭৯ সালের আগে যাঁরা রাষ্ট্রপতি ছিলেন, তাঁদের অবসর ভাতা আইনের আওতায় আনার বিষয়ে মত দেওয়া হয়। ফলে আইনটি আরও পর্যালোচনা করে মন্ত্রিসভায় উত্থাপনের জন্য আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, রাষ্ট্রপতির অবসর ভাতা চালু হয় ১৯৭৯ সালের একটি অধ্যাদেশের মাধ্যমে। এই আইন অনুযায়ী, জিয়াউর রহমান থেকে শুরু করে পরবর্তী সময়ে যাঁরা রাষ্ট্রপতি ছিলেন, তাঁরা এবং তাঁদের পরিবারের সদস্যরা অবসর ভাতা পাচ্ছেন। মামলায় সাজা হওয়ার কারণে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এই ভাতা পাচ্ছেন না। তবে তিনি সেনাবাহিনীর সাবেক প্রধান হিসেবে ভাতা পাচ্ছেন।
তবে প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে ’৭৯ সালের আগে যাঁরা রাষ্ট্রপতি ছিলেন, তাঁরা অবসর ভাতা আইনের আওতায় নেই। মন্ত্রিসভার বৈঠকে মতামত দেওয়া হয়, রাষ্ট্রপতির অবসর ভাতা আইন আছে। অথচ ’৭৯ সালের আগে যাঁরা রাষ্ট্রপতি ছিলেন, তাঁদের এই আইনের মধ্যে রাখা হয়নি। তাই মুক্তিযুদ্ধের সময় থেকে যাঁরা রাষ্ট্রপতি ছিলেন, তাঁদের এর আওতায় আনা উচিত। ওই সময়কার রাষ্ট্রপতি বা তাঁদের পরিবারের সদস্যরা অবসর ভাতা নেবেন কি না, সেটা এখনই বিবেচনায় নেওয়ার বিষয় নয়।
এসব মতামতের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির অবসর ভাতা আইনটির খসড়া ফেরত পাঠানো হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে কী করা যায়, সে ব্যাপারে আইনগত দিক পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে বলা হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বৈঠক শেষে ব্রিফিংয়ে বলেন, আইনটি পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর মন্ত্রিসভায় উত্থাপনের জন্য আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা এই অবসর ভাতা পান না।