আইসিসির প্রশংসা পেল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনের শাসনের প্রতি বাংলাদেশের অঙ্গীকারের প্রশংসা করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। সম্প্রতি নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আইসিসির কার্যালয় পরিদর্শনে গেলে বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হককে আইসিসির প্রেসিডেন্ট সাং হিউন সং এবং প্রসিকিউটর ফাতু বেসুদা এ প্রশংসা করেন।
আইসিসির সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনার জন্য সম্প্রতি আনিসুল হক আইসিসি সদর দপ্তরে যান। সেখানে তিনি আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় বিচারহীনতার সংস্কৃতি দূর করতে বাংলাদেশ কীভাবে কাজ করে যাচ্ছে, আনিসুল হক তা তুলে ধরেন। একাত্তরের মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের অবদান তুলে ধরে আইনমন্ত্রী জানান, কীভাবে বাংলাদেশ তাঁদের প্রাপ্য সম্মান দেওয়ার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এ সময় প্রসিকিউটর বেসুদা আইন ও বিচার বিষয়ে বাংলাদেশের নেতৃত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে বাংলাদেশের সঙ্গে তাঁদের কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সম্প্রতি প্রকাশিত আইসিসির ‘যৌনতা ও লিঙ্গভিত্তিক অপরাধ’ শীর্ষক নীতিকৌশলপত্রের প্রতি সমর্থন জানিয়ে আনিসুল হক বাংলাদেশে ওই কৌশলপত্রের বাস্তবায়নের বিষয়ে আশ্বাস দেন।
আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় আইসিসির ডেপুটি প্রসিকিউটর জেমস স্টুয়ার্ট, বিশেষ সহকারী স্যাম শোয়ামানেশ, জ্যেষ্ঠ আইনি উপদেষ্টা শামিলা বাটোহিসহ আইসিসির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।