ইসাক পুরস্কার পেল ভিকারুননিসা স্কুল
স্পেনভিত্তিক বিজনেস ইনিশিয়েটিভ ডিরেকশনের (বিআইডি) ‘ইন্টারন্যাশনাল স্টার অ্যাওয়ার্ড ফর কোয়ালিটি (ইসাক)’ পুরস্কার পেয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ৷ নেতৃত্বের গুণাবলি ও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে গত বৃহস্পতিবার ভিকারুননিসা স্কুলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআইডি গত ১০ মাসে ১১৮টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানি নিয়ে বিভিন্ন সম্মেলনের আয়োজন করে৷ এই সময় অংশগ্রহণকারীরা ‘নেতৃত্বের গুণাবলি ও শ্রেষ্ঠত্ব’ শ্রেণিতে ভিকারুননিসাকে ভোট দেন৷ এর ভিত্তিতে ইসাক কমিটি ‘গোল্ড ক্যাটাগরি’তে এ পদকের জন্য ভিকারুননিসা স্কুলকে নির্বাচিত করে৷
কলেজের অধ্যক্ষ মঞ্জুআরা বেগম প্রথম আলোকে বলেন, আগামী ২১ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে৷ পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ দেওয়া হবে৷ স্পেন থেকে ওই প্রতিষ্ঠান চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে৷ অধ্যক্ষ জানান, মোট ৭৪টি দেশকে এ পুরস্কার দেওয়া হবে৷ এর মধ্যে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে৷