উত্ত্যক্ত করার প্রতিবাদ করায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ইউসুফ আলী উত্ত্যক্তকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে কয়ড়া স্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্র মুক্তা মিয়া একই ক্লাসের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছে। গত মঙ্গলবার ওই ছাত্রীর বাবা ইউসুফ আলী মুক্তাকে এ ব্যাপারে গালাগাল করেন। এতে ক্ষিপ্ত হয়ে মুক্তা তার দলবল নিয়ে সকাল ১০টার দিকে কলেজের পাশের রাস্তায় ইউসুফ আলীর ওপর হামলা চালায়। হামলাকারীদের লাঠির আঘাতে ইউসুফ আলীর মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। ইউসুফ উপজেলার কয়ড়া বাঘলপুর গ্রামের বাসিন্দা এবং মুক্তা মিয়া উপজেলার বর্ধনগাছা গ্রামের সবুজ সরকারের ছেলে।
কলেজের অধ্যক্ষ আবুল হোসেন জানান, ঘটনাটি কলেজ পরিচালনা পর্ষদকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে দ্রুত সমঝোতার ব্যবস্থা করা হচ্ছে। এ কারণে থানায় অভিযোগ দেওয়া হয়নি।