দেবে যাওয়া বাড়ি থেকে ১২ লাশ উদ্ধার, অভিযান সীমিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় জলাশয়ে দেবে যাওয়া বাড়ি থেকে আজ বৃহস্পতিবার সাজেদা (২৩) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহত ব্যক্তির সংখ্যা ১২ জনে পৌঁছাল। ওই বাড়িতে উদ্ধার অভিযান সীমিত ঘোষণা করা হয়েছে।

আজ সন্ধ্যা ছয়টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল ফজল মীর উদ্ধার অভিযান সীমিত ঘোষণা করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, দেবে যাওয়া ঘরটির অবকাঠামো চূড়ান্তভাবে সরানো হবে। এ জন্য আপাতত উদ্ধার অভিযান সীমিত ঘোষণা করা হলো। আগামীকাল অবকাঠামো সরানো হতে পারে জানিয়ে তিনি বলেন, সরানোর আগ পর্যন্ত সীমিত আকারে উদ্ধার কাজ চলবে।

এর আগে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও অন্যান্য কর্মীর দেবে যাওয়া কক্ষগুলোতে তল্লাশি চালায়। তবে সেখানে কোনো লাশ পায়নি তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল ফজল মীর জানান, কেউ আটকে আছে এমন কোনো অভিযোগ তাঁদের কাছে নেই। তবে এখনো চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। অবকাঠামো সরানো পর পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে।

এদিকে আজ বেলা সোয়া একটার দিকে জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মুশফিকুর রহমান প্রথম আলোকে ১২ জনের লাশ উদ্ধারের কথা জানান।

বেলা পৌনে একটার দিকে ঘটনাস্থলে যান বিশিষ্ট গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। তিনি সাংবাদিকদের বলেন, প্রশাসন-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, প্রশাসনের নির্বিকার থাকার সুযোগ নিয়ে অবৈধভাবে এসব স্থাপনা তোলা হয় ও ভাড়া দেওয়া হয়। এ ঘটনা দেশের নষ্ট রাজনীতির ফসল বলে তিনি উল্লেখ করেন। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন।

গতকাল বুধবার মালিবাগ চৌধুরীপাড়ায় জলাশয়ের ওপর টিন-কাঠের তৈরি দোতলা একটি বাড়ি পানিতে দেবে যায়। গতকাল রাত নয়টায় পুলিশের মতিঝিল বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার মো. আনোয়ার হোসেন নিহত ১১ জনের পরিচয় জানান। তাঁরা হলেন বরগুনা সদর উপজেলার খাজুরতলার বাসিন্দা আখের রস বিক্রেতা নিজাম উদ্দিন (৪৫), তাঁর স্ত্রী কল্পনা আক্তার (৪০), তাঁদের পুত্রবধূ ছয় মাসের অন্তঃসত্ত্বা রোখসানা বেগম (২২), ঝালকাঠির রাজাপুর উপজেলার আদাখোলার রিকশাচালক মিজানুর রহমানের (২৫)। তাঁদের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যরা হলেন ফারজানা আক্তার (১২), তার মা রূপসী বেগম (৭০), রুনা আক্তার (১৭), সিএনজিচালিত অটোরিকশাচালক জাকির হোসেন (৪০), সাইফুল ইসলাম (১৪), মুদি দোকানি হারুন (৪৫) ও করুনা বেগম (৪৫)। আজ সাজেদার (২৩) লাশ উদ্ধার করা হয়।

বাড়িটির মালিক যুবলীগের স্থানীয় একজন নেতা বলে বাসিন্দারা জানিয়েছেন। বাড়ির বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বেলা সাড়ে তিনটার দিকে বাড়িটি মট মট করে দেবে যায়। এর একতলার পুরোটাই পানির নিচে ডুবে যায়। দোতলার মেঝেও হাঁটু পানিতে তলিয়ে যায়। এতে নিচতলায় ওই সময় যাঁরা ছিলেন, তাঁরাই হতাহত হন।

মালিবাগ চৌধুরীপাড়ায় বেগের বাড়িসংলগ্ন ঝিলের ওপর তৈরি করা হয়েছে ৫০ টির বেশি টিন-কাঠের দোতলা বাড়ি রয়েছে। পানিতে ডুবে থাকা বাঁশের খুঁটির ওপর লোহার কাঠামো, কাঠের পাটাতন ও টিনের বেড়া দিয়ে তৈরি এসব বাড়ি।

স্থানীয় লোকজন জানিয়েছেন, সরকারদলীয় রাজনীতিক ও স্থানীয় মাস্তানেরা মিলেমিশে অবৈধভাবে এসব বাড়ি তুলে ভাড়া দিয়েছে। বাড়িটির মালিক মুনীর চৌধুরী। তিনি যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের নেতা। ওপর ও নিচতলা মিলিয়ে ২২-২৪টি ঘর রয়েছে। পানি, বিদ্যুৎ ও গ্যাসের অবৈধ সংযোগ রয়েছে। প্রতিটি ঘরের ভাড়া মাসিক চার থেকে সাড়ে চার হাজার টাকা। দুদিকে দুটি সাঁকো দিয়ে স্থলের সঙ্গে বাড়িটি সংযুক্ত। সিকি কিলোমিটার সাঁকো দিয়ে রামপুরা বউবাজার এলাকায় যাওয়া যায়। আবার কয়েক গজ সাঁকো পেরোলে মালিবাগ চৌধুরীপাড়া। পোশাককর্মী, রিকশা-ভ্যানচালক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী পরিবারগুলো মূলত এই বাড়ির ভাড়াটে।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক এ বি এম নুরুল হক গতকাল বলেন, বাড়িটির সাত থেকে আট ফুট দেবে গেছে। নিচতলা পুরোটাই পানিতে। দোতলার মেঝেতেও পানি উঠেছে। তিনি বলেন, লোহার কাঠামো, টিন-কাঠ দিয়ে তৈরি হওয়ায় ক্রেন দিয়ে একসঙ্গে পুরো বাড়িটি ওঠানো সম্ভব নয়। একবারে টান দিলে সব ভেঙেচুরে ছড়িয়ে পড়বে, এতে উদ্ধারকাজে আরও সমস্যা হবে।

বাড়ির জমিটি কার, তা রাত পর্যন্ত স্পষ্ট হয়নি। ঢাকা জেলা প্রশাসনের তেজগাঁও সার্কেলের কর্মকর্তা সাকিল আহমেদ বলেন, জমিটি খাস না সরকারি কোনো সংস্থার মালিকানায়, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। জমির মালিক খুঁজে বের করতে সহকারী কমিশনারকে (ভূমি) বলা হয়েছে। তিনি জানান, জেলা প্রশাসন নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে ও আহত ব্যক্তিদের পাঁচ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও জানতে পড়ুন :..