পাওনা টাকা চাইতে গিয়ে গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা টাকা চাইতে গিয়ে খুন হলেন রোজিনা বেগম (৪৫) নামের এক নারী। গত বৃহস্পতিবার মানিকগঞ্জ পৌর এলাকার উত্তর সেওতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোজিনা সৌদিপ্রবাসী আবদুল সেলিমের স্ত্রী।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, রোজিনার শ্বশুরবাড়ি ঘিওর উপজেলার সিংজুরী গ্রামে। উত্তর সেওতা গ্রামে ব্যাংক কর্মকর্তা শফিকুল ইসলামের বাড়িতে তিনি মেয়ে ও মেয়ে-জামাইকে নিয়ে ভাড়া থাকতেন। আরেক ভাড়াটে শামসুল ইসলামের স্ত্রীকে মাস খানেক আগে ৩০০ টাকা ধার দেন রোজিনা।
বৃহস্পতিবার সন্ধ্যায় পাওনা সেই টাকা চাইলে শামসুলের স্ত্রীর সঙ্গে রোজিনার ঝগড়া হয়। সন্ধ্যা সাতটার দিকে শামসুল ও তাঁর স্ত্রী রোজিনাকে লাঠি দিয়ে বেদম মারধর করেন। এতে রোজিনা গুরুতর আহত হন। এ সময় রোজিনার মেয়ে ও মেয়ে-জামাই বাড়িতে ছিলেন না। গ্রামবাসী রোজিনাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিউল আজম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।