বিদ্যালয়ের জমিতে ডায়াবেটিক সমিতির তোরণ
ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লায় আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের জায়গা দখল করে তোরণ নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়টির পূর্ব পাশে অবস্থিত ফরিদপুর ডায়াবেটিক সমিতি এ পিলার নির্মাণ করছে।
সরেজমিনে দেখা গেছে, ডায়াবেটিক সমিতি তাদের পুরোনো তোরণটির আকার বাড়িয়ে নতুন করে নির্মাণ করছে। তোরণের সম্প্রসারিত অংশটুকু বিদ্যালয়ের জমির প্রায় পাঁচ হাত ভেতরে ঢুকে গেছে।
প্রধান শিক্ষক জয়নাল আবেদীন গত ৩ জুন ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদকের কাছে ‘বিদ্যালয়ের জায়গায় ডায়াবেটিক হাসপাতালের পিলার নির্মাণ না করা প্রসঙ্গে’ একটি লিখিত আবেদন দেন। আবেদনে তোরণের পিলার নির্মাণকাজ বন্ধের দাবি জানানো হয়।
সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সামাদ বলেন, ‘আমরা লোকজনের চলাচলের সুবিধার জন্য তোরণটি একটু বাড়িয়ে বানাচ্ছিলাম। এটির একটি পিলার বিদ্যালয়ের জমিতে পড়ে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ আপত্তি জানানোয় তোরণের নির্মাণকাজ আপাতত বন্ধ রয়েছে। ঈদুল ফিতরের পর সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’