রাস্তায় যানবাহন কম, দুর্ভোগ কিছুটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিছিল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ২০ তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন দলের নেতা-কর্মীরা। ছবিটি আজ শনিবার রাজধানীর পলাশীর মোড় এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
মিছিল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ২০ তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন দলের নেতা-কর্মীরা। ছবিটি আজ শনিবার রাজধানীর পলাশীর মোড় এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে আজ শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন পথে কিছুটা দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কারণ, সম্মেলন উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফলে বাস না পেয়ে অনেকে হেঁটেই চলেছেন গন্তব্যের দিকে।

আজ সকাল থেকে ১০টা পর্যন্ত শাহবাগ, কারওয়ান বাজার, মিরপুর, আগারগাঁওসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় যানবাহন কম। কয়েকটি সড়কে আবার বাস চলতে দেওয়া হচ্ছে না। সেখানে সিএনজিচালিত অটোরিকশা বা প্রাইভেট কার চলছে। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মানুষ তুলনামূলক কম বের হয়েছেন। তাই কাজের তাগিদে যাঁরা বের হয়েছেন, তাদের বেশির ভাগকেই অনেকটা হেঁটে গন্তব্যে যেতে হয়।

রাস্তায় যান চলাচল বন্ধ। তাই বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে অভিভাবকসহ পরীক্ষার্থীদের হেঁটেই যেতে হচ্ছে। ছবিটি সকাল রাজধানীর পলাশীর মোড় এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
রাস্তায় যান চলাচল বন্ধ। তাই বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে অভিভাবকসহ পরীক্ষার্থীদের হেঁটেই যেতে হচ্ছে। ছবিটি সকাল রাজধানীর পলাশীর মোড় এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

সোনারগাঁও হোটেলের কাছে বড় একটি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন এক যুবক। পরিচয় জানতে চাইলে সোহেল পারভেজ বলেন, তিনি জাহাজে চাকরি করেন। বাসা ফার্মগেট। যাচ্ছেন কাঁচপুরে। বললেন, বাস পাননি। সিএনজিচালিত অটোরিকশা অনেক টাকা চায়। এ জন্য হেঁটেই রওনা দিয়েছেন।

এ সময় তাঁর পাশ দিয়ে আরও অনেক মানুষকে ফুটপাত ধরে হেঁটে যেতে দেখা যায়।

বাংলামোটর এলাকায় দেখা গেল এক নারী দ্রুত হেঁটে চলছেন। জানতে চাইলে বললেন, তিনি শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। বাসা বিশ্ববিদ্যালয় এলাকাতেই। তবে আজ গ্রামের বাড়ি টাঙ্গাইল থেকে আসছেন। কোনোমতে আসাদগেট পর্যন্ত এসেছেন। পরে সেখান থেকে এখন হেঁটে যাচ্ছেন। অফিস সময় হয়ে যাওয়ায় কথা বলারও সময় পাচ্ছিলেন এই নারী। হন্তদন্ত হয়ে ছুটছেন।

ব্যারিকেডে বন্ধ যান চলাচল। ছবিটি সকালে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
ব্যারিকেডে বন্ধ যান চলাচল। ছবিটি সকালে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

খোঁজ নিয়ে জানা গেল, ঢাকার বিভিন্ন সড়কেই কমবেশি চিত্রটা এমনই। কিছু কিছু বাস কারওয়ান বাজার মোড় (সোনারগাঁও হোটেল মোড়) পর্যন্ত এলেও সেখান থেকেই ঘুরিয়ে দেওয়া হয়। সকাল সাড়ে আটটায় মিরপুর ১২ নম্বর থেকে শিকড় নামের বাসে উঠেছিলেন শরিফুল ইসলাম নামের এক যাত্রী। যাবেন গুলিস্তানে। কিন্তু বাসটি আগারগাঁও পর্যন্ত আসার পর ঘুরিয়ে দেওয়া হয়। পরে সেটি মিরপুর রোড দিয়ে বকশীবাজার হয়ে গুলিস্থানে যায়।

তবে রাস্তায় অন্যান্য দিনের তুলনায় মানুষ কম। শাহবাগ মোড়ে অটোরিকশাচালক আবু সাঈদ বললেন, সকাল থেকে যাত্রীও কম পাচ্ছেন।