লঞ্চ-সংকটে ভোগান্তিতে ঘরমুখো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে বরগুনা, আমতলী, হাতিয়া, পিরোজপুর, ঝালকাঠি, হুলারহাটসহ বেশ কয়েকটি রুটের লঞ্চ-সংকট দেখা দিয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে আজ শুক্রবার সকাল থেকে টার্মিনালে এসে ভিড় জমাতে থাকে শত শত নারী-পুরষ। অতিরিক্ত যাত্রীর চাপে বেসামাল হয়ে পড়েছে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল। ফলে পন্টুনের কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না।
এদিকে অতিরিক্ত যাত্রী বহন ও নানা অনিয়মের কারণে রাজদূত-৭, কর্ণফুলী-৩ ও এমভি পানামা লঞ্চকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ ছাড়া অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে যাওয়ায় কোকো-৭, পূরবী-৭, মেঘদূতসহ সাতটি লঞ্চকে নির্ধারিত সময়ের পূর্বেই বন্দর ত্যাগ করতে বাধ্য করেছে নৌ-পুলিশ।
আজ শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত যে লঞ্চগুলো বন্দর ত্যাগ করেছে সেগুলোর টপছাদে যাত্রী পরিপূর্ণ ছিল।
মাদারীপুরগামী তরিকা-২ লঞ্চের যাত্রী মিন্টু মিয়া বিকেলে জানান, তিন ঘণ্টা ধরে লঞ্চে বসে আছি। ঘণ্টা খানেক আগেই লঞ্চে যাত্রী বোঝাই হয়ে গেছে। অথচ কর্তৃ‌পক্ষ এখনো লঞ্চটি ছাড়ছে না। লঞ্চ যতক্ষণ ঘাটে ভিড়ানো থাকবে যাত্রী উঠতেই থাকবে। লঞ্চে অতিরিক্ত যাত্রী হলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই এ বিষয়গুলোর প্রতি কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন।
ঝালকাঠিগামী যাত্রী জামাল বেপারী বলেন, ‘দুপুর ১২টা থেকে পরিবার-পরিজন নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে বসে আছি। প্রায় চার ঘণ্টা হয়ে গেল কিন্তু এখনো কোনো লঞ্চ পাচ্ছি না। এভাবে পরিবারের লোকজন নিয়ে টার্মিনালে কতক্ষণ বসে থাকা যায়?’

বরগুনাগামী সম্রাট-২ লঞ্চের যাত্রী হাসান শেখ জানান, মিরপুর থেকে সদরঘাট টার্মিনালে আসতে পথে দুই ঘণ্টা যানজটের কারণে বসে থাকতে হয়েছে। শুধু গুলিস্তান থেকে সদরঘাট টার্মিনালে আসতে সময় লেগেছে এক ঘণ্টা। সদরঘাট আসতে একদিকে পথে যানজট, অন্যদিকে টার্মিনাল এলাকায় নানা অনিয়মে অতিষ্ঠ হয়ে গেছি। অন্তত ঈদ মৌসুমগুলোতে যাত্রীদের হয়রানি দূর করার জন্যে এ বিষয়গুলোতে সরকারের সুদৃষ্টি দেওয়া উচিত।

অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সহসভাপতি ও টিপু লঞ্চের মালিক গোলাম কিবরিয়া বলেন, ‘আমরা সব সময় যাত্রীদের ছাদে উঠতে নিষেধ করি। কিন্তু যাত্রীরা আমাদের কথা অমান্য করে গরমের কারণে ডেকে জায়গা থাকা সত্ত্বেও খোলা বাতাসে বসার জন্য ছাদে চলে যায়।’

হুলারহাটগামী শুভরাজ-২ লঞ্চের মালিক প্রিন্স আওলাদ বলেন, ‘আমরা কখনোই চাই না যাত্রীরা অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠুক। আমরা যাত্রীদের এ ব্যাপারে সতর্ক করে দিই। লঞ্চে যাত্রী বোঝাই হয়ে গেলে যাত্রীদের লঞ্চে উঠতে বাধা দিলে তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করে।’

নৌ-পুলিশের পুলিশ সুপার মামুন অর রশিদ প্রথম আলোকে বলেন, সদরঘাট টার্মিনাল এলাকায় যাত্রীদের নিরাপত্তা ও যাত্রী হয়রানি রোধকল্পে নৌ-পুলিশ তৎপর রয়েছে। কোনো যাত্রী যেন নৌকা দিয়ে লঞ্চে উঠতে না পারে সে ব্যাপারে নৌপুলিশ নদীতে সার্বক্ষ​​ণিক টহল দিচ্ছে।

ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, লঞ্চে নির্ধারিত ভাড়ার তালিকা না থাকা, অতিরিক্ত যাত্রী বহন ও নানা অনিয়মের কারণে তিনটি লঞ্চকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নুল আবেদিন বলেন, নদীপথে যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সে জন্য বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীরা তৎপর রয়েছেন।