শাহবাগে হচ্ছে না আশ্বাসের আন্ডারপাস

রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগের পাতাল পথ (আন্ডারপাস) হচ্ছে না। আন্ডারপাসের পরিবর্তে ফুটওভার ব্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে নাগাদ এই ফুটওভার ব্রিজ নির্মাণ শুরু হবে, সেটাও নিশ্চিত করতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ।
ডিএসসিসির প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নে সিটি করপোরেশনের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তবে শাহবাগে এ প্রকল্পটি করতে গিয়ে দেখা গেছে সেখানে রাজধানীর সবচেয়ে বড় পয়ঃনিষ্কাশন সংযোগস্থল (সুয়ারেজ জংশন) ও বৈদ্যুতিক লোড জংশন বিদ্যমান। এ জন্য শাহবাগে আন্ডারপাস করা সম্ভব হবে না। এর পরিবর্তে ফুটওভারব্রিজ করা হবে।’
জানা গেছে, ৫ মার্চ আন্তমন্ত্রণালয় বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে, কবে নাগাদ ফুটওভার ব্রিজটির কাজ শুরু করা হবে। ফুটওভার ব্রিজ প্রকল্পে অর্থায়ন করার কথা রয়েছে বিশ্বব্যাংকের।
২০১২ সালের ২৮ আগস্ট শাহবাগ মোড়ে বাসের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র মো. তৌহিদুজ্জামানের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে ছাত্রদের আন্দোলনের মুখে ডিএসসিসির তত্কালীন প্রধান নির্বাহী প্রকৌশলী সুলতানুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে গিয়ে ১৫ দিনের মধ্যে আন্ডারপাস নির্মাণের কাজ শুরু করার আশ্বাস দিয়েছিলেন। একই বছরের ২০ নভেম্বর ডিএসসিসি প্রশাসক তিন কোটি টাকা ব্যয়ে শাহবাগ আন্ডারপাস প্রকল্পটি অনুমোদন করেন। এরপর ২৬ নভেম্বর তত্কালীন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক শাহবাগ মোড়ে একটি একমুখী আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তখন ডিএসসিসির পক্ষ থেকে বলা হয়েছিল, ছয় মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। কিন্তু বাস্তবে ১৪ মাস পার হলেও উদ্বোধনেই থেমে আছে এ প্রকল্প।

অনুসন্ধানে দেখা যায়, শাহবাগ মোড় হয়ে প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাতায়াত করেন কয়েক হাজার শিক্ষার্থী। মোড়টি বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বার হিসেবে পরিচিত। একই সঙ্গে এ পথ হয়েই ঢাকা মেডিকেল কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রবেশ করেন অনেক শিক্ষার্থী। শাহবাগ মোড়ে থাকা দুটি হাসপাতালেও প্রতিদিন অসংখ্য রোগী চিকিত্সাসেবা নিতে আসেন।
অনেকের কাছেই এলাকাটি দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এ প্রসঙ্গে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক তানভীর হাসান প্রথম আলোকে বলেন, শাহবাগের উত্তরে দুটি বড় হাসপাতাল, দক্ষিণে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট। পশ্চিমে এলিফ্যান্ট রোডের মতো ব্যবসায়িক এলাকা। আর পূর্বে সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্ক। ফলে প্রতিদিন এই মোড় দিয়ে বিপুলসংখ্যক পথচারী পার হন। পথচারী পারাপারের জন্য যে ফুটওভার ব্রিজ করা হয়েছে, সেটাও মোড় থেকে অনেক দূরে। ফলে ব্যবহারও হয় না ফুটওভার ব্রিজটি। আর দুর্ঘটনা তো লেগেই থাকে। তিনি আরও বলেন, পথচারীদের পারাপারের জন্য ফুটওভার ব্রিজের চেয়ে আন্ডারপাস ভালো।
আন্ডারপাস না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘শাহবাগে কীভাবে ফুটওভার ব্রিজ করবে, সেটাও আমার বোধগম্য নয়। কারণ শাহবাগ-দোয়েল চত্বর দিয়ে তো মেট্রোরেল লাইন যাওয়ার কথা। বারডেম-শাহবাগের ফুলের দোকান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল-জাদুঘর পর্যন্ত দুটি ফুটওভার ব্রিজ করা যেতে পারে। আন্ডারপাস বা ফুটওভার ব্রিজ যেটাই করা হোক না কেন তা দ্রুত করতে হবে।’