ডিজেলের দাম সমন্বয়ের আহ্বান বিজিএমইএর সভাপতির

বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারে ডিজেলের মূল্য সমন্বয় করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। তিনি বলেছেন, ডিজেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি বাড়বে, বাড়বে জিনিসপত্রের দাম। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশেও ডিজেলের মূল্য সমন্বয়ের বিষয়ে সরকারের সদয় দৃষ্টি কামনা করেন তিনি।

বিজিএমইএর সভাপতি হিসেবে সম্প্রতি যুক্তরাজ্য, বেলজিয়াম ও স্কটল্যান্ড সফর করেন ফারুক হাসান। সে উপলক্ষে আজ শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডিজেলের দাম সমন্বয়ের আহ্বান জানান বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।

লিখিত বক্তব্যে বিজিএমইএর সভাপতি বলেন, ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানো হয়েছে। সেই অনুপাতে পণ্য পরিবহন, জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, আনুষঙ্গিক কাঁচামাল ও সেবার মূল্য বৃদ্ধি পাওয়ায় খরচ বেড়ে যাবে ৪-৫ শতাংশ।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) বিভিন্ন দেশে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এতে তৈরি পোশাক রপ্তানিতে নতুন শঙ্কা সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, ‘জার্মানিতে দৈনিক সংক্রমণ ৫২ হাজার ছাড়িয়েছে। অস্ট্রিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস, সুইডেন, ফ্রান্সসহ প্রায় সব ইউরোপীয় দেশে সংক্রমণ ঊর্ধ্বমুখী। নিঃসন্দেহে এটি আমাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ।’ তিনি আরও বলেন, ‘ইউরোপে খুচরা বিক্রি এখনো স্বাভাবিক পর্যায়ে আসেনি। সর্বশেষ তথ্যানুযায়ী, সেখান আমাদের খুচরা বিক্রি করোনার আগের বছরের তুলনায় ১৫ শতাংশ পেছনে। তার ওপর করোনার আঘাতে আবারও যদি ইউরোপের জনজীবন ব্যাহত হয়, তাহলে আমাদের পোশাকশিল্পের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা ব্যাহত হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, এস এম মান্নান, শহীদউল্লাহ আজিম, মিরান আলী, খন্দকার রফিকুল ইসলাম, পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, ডেনিম এক্সপার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজ উদ্দিন প্রমুখ।

ইউরোপের দেশগুলোতে করোনা ঊর্ধ্বমুখী হলেও এখন পর্যন্ত পোশাক রপ্তানিতে প্রভাব পড়েনি। তবে করোনার প্রথম ঢেউয়ে গত বছর মার্চে একের পর এক ক্রয়াদেশ বাতিল হয়েছে। পোশাকের দামও কমিয়ে দেন ক্রেতারা। বর্তমানে সেই পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। ফারুক হাসান আরও বলেছেন, ‘গত বছর লোকসান দিয়ে হলেও আমরা ক্রেতাদের ধরে রাখার কৌশল নিয়েছিলাম। শ্রমিকদের ধরে রেখেছিলাম। তার সুফল এখন পাওয়া যাচ্ছে—পোশাকের দাম কমছে না, বরং বেশি পাওয়া যাচ্ছে। তবে কাঁচামালের দাম যে পরিমাণে বেড়েছে, সেই অনুপাতে পোশাকের মূল্য বাড়েনি।

আগামী বছরের নভেম্বর মাসে ঢাকায় ‘মেইড ইন বাংলাদেশ উইক’ নামে সপ্তাহব্যাপী একটি আয়োজনের ঘোষণা দেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, সপ্তাহব্যাপী এই আয়োজনে তৃতীয় ঢাকা অ্যাপারেল সামিট, ফ্যাশন ফেস্টিভ্যাল, প্রদর্শনীসহ নানা আয়োজন থাকবে। পোশাকশিল্প ঘিরে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশে এটিই প্রথম বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি পোশাকশিল্পের উদ্যোক্তাদের উদ্দেশে বিজিএমইএর সভাপতি বলেন, ‘আপনারা পোশাকের মূল্য নির্ধারণের বিষয়ে আরও সচেতন হোন। কোনো পরিস্থিতিতে স্বাভাবিক উৎপাদন মূল্যের কম দামে ক্রয়াদেশ নেবেন না।’ একই সঙ্গে, বিদেশি ক্রেতাদের উদ্দেশে তিনি বলেন, পোশাকের মূল্যের বিষয়ে আরও সংবেদনশীল হোন। তুলা, সুতাসহ অন্যান্য কাঁচামাল ও পরিবহন (জাহাজ) খরচ বৃদ্ধির বিষয় বিবেচনায় নিয়ে ন্যায্যতার ভিত্তিতে মূল্য নির্ধারণ করুন।