সহজ আনছে 'সহজ হেলথ'

দেশের অন্যতম সুপার অ্যাপ সহজ চালু করছে 'সহজ হেলথ' ('Shohoz Health)। শতাধিক চিকিৎসক নিয়ে থাকছে ডিজিটাল এ স্বাস্থ্যসেবা। আগামী ১৬ মে আনুষ্ঠানিকভাবে এটি যাত্রা শুরু করবে ।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অ্যাপ ব্যবহারকারীরা দেশের যেকোন প্রান্ত থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে ভিডিও পরামর্শ নিতে পারবেন।

চিকিৎসাপত্রের পাশাপাশি ব্যবহারকারীরা মেডিসিন ডেলিভারি সুবিধা নিতে পারবেন। শতাধিক ফার্মেসি থেকে সহজ সুপার অ্যাপের মাধ্যমে এই মেডিসিন সেবা নেয়া যাবে। এসব ফার্মেসির মধ্যে লাজ ফার্মা, তামান্না ফার্মেসি, প্রেস্ক্রিপশন পয়েন্ট, আল মদিনা ফার্মেসি অন্যতম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিএমএইচ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, সিটি ডেন্টাল কলেজ, পপুলার মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালের চিকিৎসেকরা আছেন সহজ হেলথের সঙ্গে। দেশের অন্যতম শিশু বিশেষজ্ঞ কাজী নওশাদ উন নবীসহ সুপরিচিত চিকিৎসকেরাও পরামর্শ দিবেন এই প্ল্যাটফর্মে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহউপাচার্য নিয়োন্যাটোলজি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল্লাহ এই প্ল্যাটফর্মের সঙ্গে আছেন।

সহজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির বলেন, 'কোভিড-১৯ এর এই সময়ে এমন সময়োপযোগী সেবা নিয়ে আসতে পেরে আমরা উজ্জীবিত। দেশের স্বাস্থ্যসেবা খাতের নীতি নির্ধারকদের সঙ্গে কাজ করে যাচ্ছি। যাতে এক প্ল্যাটফর্মেই স্বাস্থ্যসেবা খাতের সকল সেরা চিকিৎসকদের ও ডিজিটাল সার্ভিসকে নিয়ে আসা সম্ভব হয়।