আন্তর্জাতিক বাজারে দর কিছুটা বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে সব ধরনের সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ২২৫ টাকা পর্যন্ত বাড়াতে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। কাল বুধবার থেকে সারা দেশে নতুন দর কার্যকর হবে। বাজুস গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৪২ হাজার ৫১৫ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেট ৪০ হাজার ৪১৫ টাকা এবং ১৮ ক্যারেট ৩৩ হাজার ৭৬৭ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ২২ হাজার ৬৮৬ টাকা পড়বে। এ ছাড়া ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার ভরি হবে ৯৩৩ টাকা।
আজ মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪১ হাজার ২৯০, ২১ ক্যারেট ৩৯ হাজার ১৯১ টাকা এবং ১৮ ক্যারেট ৩২ হাজার ৫৪২ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ২১ হাজার ৪৬১ টাকা ভরি। ৮৭৪ টাকায় বিক্রি হবে প্রতি ভরি রুপা।
বুধবার থেকে নতুন দর কার্যকর হওয়ায় ২২, ২১ ও ১৮ ক্যারেটে এবং সনাতন পদ্ধতির সোনায় ভরিতে ১ হাজার ২২৫ টাকা বাড়ছে। রুপার দাম বাড়বে ভরিতে ৫৯ টাকা।
ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে, সে বিষয়ে অবশ্য কোনো মানদণ্ড নেই।
সদ্য বিদায়ী ২০১৫ সালে অধিকাংশ সময়ই আন্তর্জাতিক বাজারে সোনার দর ছিল নিম্নমুখী। বিদায়ী বছরে ২০১৪ সালের চেয়ে সোনার দাম ১০ দশমিক ৪০ শতাংশ কমেছে। এ কারণে দেশের বাজারেও সোনার দাম নয় দফা হ্রাস-বৃদ্ধি করেছে জুয়েলার্স সমিতি। এর মধ্যে ছয়বার দাম হ্রাস ও তিনবার বৃদ্ধি করা হয়। সর্বশেষ গত ৫ ডিসেম্বর সোনার দাম ভরিতে ১ হাজার ২২৪ টাকা কমায় বাজুস। আলোচ্য বছরের জানুয়ারিতে ২২ ক্যারেট সোনার দাম ছিল সর্বোচ্চ ৪৬ হাজার ১৪ টাকা ভরি। এই মানের সোনার ভরি ডিসেম্বরে নেমে এসেছিল সর্বনিম্ন ৪১ হাজার ২৯০ টাকায়।
আন্তর্জাতিক বাজারে ২৩ নভেম্বর প্রতি আউন্স (২.৪৩ ভরি) সোনার দাম ছিল ১ হাজার ৬৬ মার্কিন ডলার। আর গতকাল বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে সোনার দাম দাঁড়ায় প্রতি আউন্স ১ হাজার ১০৩ মার্কিন ডলার।