দেশের অবকাঠামো উন্নয়নে দুই হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগ করা প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, মোট দেশজ উৎ পাদনে (জিডিপি) প্রবৃদ্ধি বাড়ানো এবং রপ্তানির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি-বেসরকারি অংশীদারিতে (পিপিপি) এই বিনিয়োগ করার দরকার রয়েছে।ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভায় শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ গতকাল এ কথা বলেন। এফবিসিসিআই কার্যালয়ে এনডিসি প্রতিনিধিদলের সঙ্গে এই মতবিনিময়ের আয়োজন করা হয়েছিল।এনডিসির ১৪ সদস্যের প্রতিনিধিদলে ভারতের সেনা ও বিমানবাহিনীর সদস্য ছাড়াও দক্ষিণ আফ্রিকা, কিরগিজস্তান, সৌদি আরব, মালদ্বীপ ও ইন্দোনেশিয়ার পাঁচজন প্রতিনিধি রয়েছেন। দলটির নেতৃত্ব দিচ্ছেন এনডিসির মেজর জেনারেল সঞ্জয় সরণ।সভায় এ কে আজাদ বলেন, অবকাঠামো উন্নয়নে সরকারের পর্যাপ্ত তহবিল নেই। বর্তমানে জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ। এটাকে ৮ শতাংশে উন্নীত করতে হলে অবকাঠামো খাতে ২৮ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে হবে। খাদ্য, বিদ্যুৎ , সারসহ কয়েকটি খাতে প্রতিবছর ২২ হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। পর্যাপ্ত তহবিলের অভাবে সরকার অবকাঠামো খাতে উন্নয়ন ঘটাতে পারছে না। এ জন্য বেসরকারি খাতকে এগিয়ে আসতে বলছে সরকার। তা ছাড়া বিদেশি বিনিয়োগকেও উৎ সাহিত করা হচ্ছে। তিনি বলেন, আগামী চার-পাঁচ বছরের মধ্যে রপ্তানির পরিমাণ দাঁড়াবে পাঁচ হাজার কোটি ডলার। রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই।এফবিসিসিআইয়ের সভাপতি আরও বলেন, বছরে ভারত-বাংলাদেশের বাণিজ্য হয় ৫০০ কোটি ডলার। বাংলাদেশ ভারতে রপ্তানি খাতে আয় করে ৫০ কোটি ডলার। আর ভারত বাংলাদেশে রপ্তানি করে ৪২০ কোটি ডলারের পণ্য। তিনি বলেন, দেশে সরাসরি বিদেশি বিনিয়োগের পরিস্থিতি ভালো। জাপান ও তুরস্ক বিনিয়োগের জন্য বিকল্প দেশ খুঁজছে। অনেক দেশই বিনিয়োগের জন্য চীন ও বাংলাদেশকে বেছে নিচ্ছে।এনডিসি প্রতিনিধিদলের প্রধান সঞ্জয় সরণ বলেন, নিরাপত্তা হচ্ছে একটি সামগ্রিক বিষয়। উন্নয়নের সঙ্গে এটা সরাসরি সম্পর্কিত। তা ছাড়া অর্থনীতির সঙ্গেও নিরাপত্তার বিষয়টি জড়িত। কারণ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নিরাপত্তা হচ্ছে অন্যতম প্রধান ইস্যু।মাদক নিয়ে এফবিসিসিআইয়ের এক পরিচালকের প্রশ্নের জবাবে সঞ্জয় সরণ বলেন, মাদক সমস্যা শুধু বাংলাদেশের নয়, ভারতেরও। কিছু দুর্বৃত্তের কারণে দুই দেশের মাদকের চোরাচালান বন্ধ হচ্ছে না।এফবিসিসিআই ও বাংলাদেশের অর্থনীতি শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সমিতির গবেষণা কর্মকর্তা ঈশা সামিনা মান্নান। তিনি জানান, ২০১০-২০১১ অর্থবছরে দেশে রপ্তানি ও আমদানি ৪১ শতাংশের কিছু বেশি বেড়েছে। বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে সরকার বেসরকারীকরণ, বিভিন্ন নীতির সংস্কার, মুক্ত বাণিজ্যনীতিসহ বেশ কিছু বিনিয়োগ প্রণোদনা দিয়ে আসছে।মতবিনিময়ে এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক এম এ মোমেন, ওবায়দুর রহমান, আবদুল হক, এ দেশে ভারতীয় হাইকমিশনের প্রতিরক্ষাসচিব ব্রিগেডিয়ার জেনারেল আর কে নায়ার প্রমুখ বক্তব্য দেন।