তিন বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের চুক্তির মেয়াদ বাড়ানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজীবাজার, খুলনা, কুমারগাঁও—বেসরকারি খাতের এ তিনটি বিদ্যুৎকেন্দ্রের চুক্তির মেয়াদ বাড়ানোর দরপ্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কমিটি ঘোড়াশাল ও আশুগঞ্জে দুটি আলাদা বিদ্যুৎকেন্দ্রের আর্থিক দরপ্রস্তাব এবং খুলনায় কয়লাভিত্তিক এক হাজার ৩০০ মেগাওয়াটের প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রের মাটি ভরাটের কাজের দরপ্রস্তাবও অনুমোদন দিয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে গতকাল রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির (বিশেষ বিধান) আইন, ২০১০-এর আওতায় এ মেয়াদ বাড়ানো হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের এ তিনটিসহ মোট নয়টি দরপ্রস্তাব অনুমোদনের কথা জানান। নুরুল করিম জানান, তিন বছর মেয়াদি তিনটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে খুলনা ৪০ মেগাওয়াটের ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী এগ্রেকো ইন্টারন্যাশনাল পাওয়ার প্রজেক্ট নামের একটি প্রতিষ্ঠান। এর চুক্তির মেয়াদ এক বছর তিন মাস বাড়ানো হয়েছে। বর্ধিত মেয়াদের জন্য প্রতি কিলোওয়াটের মূল্য ধরা হয়েছে ১৪ দশমিক ৪২৭ টাকা। এনার্জি প্রিমা লিমিটেড পরিচালিত কুমারগাঁও ৫০ মেগাওয়াট ভাড়াভিত্তিক গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে তিন বছর। বর্ধিত মেয়াদের জন্য প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম ধরা হয়েছে ২ দশমিক ৬৮ টাকা। শাহজীবাজার ৫০ মেগাওয়াট গ্যাস ও ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মেয়াদও বাড়ানো হয়েছে তিন বছর। এটিও পরিচালনা করছে এনার্জি প্রিমা লিমিটেড। বর্ধিত মেয়াদের জন্য প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম পড়বে ২ দশমিক ৮৪ টাকা।যুগ্ম সচিব জানান, প্রস্তাবিত খুলনা এক হাজার ৩০০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ড্রেজার দ্বারা মাটি ভরাট ও ভূমি উন্নয়নের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের দাখিল করা দরপ্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এতে ব্যয় হবে ১৬৩ কোটি ২৭ লাখ টাকা।আশুগঞ্জে ৫০ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের দরপত্র প্রস্তাব অনুমোদন করেছে। এ প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে কনসোর্টিয়াম অব ভিয়েলাটেক্স লিমিটেড এবং শাহজীবাজার পাওয়ার লিমিটেড। প্রতি কিলোওয়াট বিদ্যুতের মূল্য ধরা হয়েছে ২ দশমিক ০২২ টাকা।এ ছাড়া ঘোড়াশালে ১০০ মেগাওয়াট গ্যাসভিত্তিক ১৫ বছর মেয়াদি বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করবে কনসোর্টিয়াম অব রিজেন্স স্পিনিং অ্যান্ড রিজেন্ট পাওয়ার লিমিটেড।বৈঠকে এ ছাড়া দুই লাখ ৩৯ হাজার টন ইউরিয়া সার আমদানির তিনটি আলাদা দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়। তবে বিসিকের বাস্তবায়নাধীন সাভারের ‘চামড়া শিল্প নগরী’র কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনকেন্দ্র (সিইটিপি) স্থাপনের দরপ্রস্তাব পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠানো হয়েছে বলে জানান নুরুল করিম।