দরপতন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে দরপতন চলছেই। দুই স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবারও দরপতন ঘটেছে। তবে লেনদেন চলাকালে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) একটি ঘোষণা আসায় বড় ধরনের দরপতন থেকে বাজার রক্ষা পায়। এর মধ্যে দুই বাজারেই লেনদেন খানিকটা বেড়েছে।লেনদেন চলাকালে এসইসি তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের শেয়ার কেনার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসনে বিধি শিথিলের ঘোষণা দেয়। তাৎক্ষণিকভাবে বাজারে এর ইতিবাচক প্রভাব দেখা যায়। এর ফলে দুপুরের পর থেকে সূচক বাড়তে থাকে। শেষ পর্যন্ত অবশ্য সেই ধারা আর বজায় থাকেনি।এদিকে দরপতনের প্রতিবাদে গতকালও রাজধানীর মতিঝিলে ডিএসই ভবনের সামনের সড়কে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। এ জন্য বেলা একটা থেকে প্রায় আড়াই ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভ করা হয়। এ সময় বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা সড়কে কয়েক দফা মিছিল করেন। পাশাপাশি খড়কুটো দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটান। গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা একটার মধ্যেই সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ১৪১ পয়েন্ট কমে নেমে আসে চার হাজার ৯১০ পয়েন্টে। বেলা একটার পরই এসইসি সংবাদ সম্মেলন করে ‘বিধি শিথিলের’ সিদ্ধান্তের কথা জানায়। এই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারের পরপরই বাজার কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করে। একপর্যায়ে সূচক আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৮৬ পয়েন্টে ওঠে।কিন্তু দিন শেষে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩১ পয়েন্টে। এর ফলে চলতি সপ্তাহের তিন কার্যদিবসই বাজারে দরপতন ঘটল। মাঝে গত মঙ্গলবার পবিত্র আশুরা উপলক্ষে শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল।নতুন আইপিও: গতকাল সায়হাম কটন মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন অনুমোদন করেছে এসইসি। কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।এসইসি জানিয়েছে, অনুমোদন পাওয়া সায়হাম কটন মিলস বাজারে চার কোটি ৭৫ লাখ শেয়ার ছাড়বে। এর মাধ্যমে কোম্পানিটি ৯৫ কোটি টাকা সংগ্রহ করবে।১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড।