নতুন একটি আর্থিক প্রতিষ্ঠান অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড নামে শতভাগ সরকারি মালিকানাধীন একটি আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে দেশে মোট আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৩১টি।নতুন এই আর্থিক প্রতিষ্ঠানটি সরকার ও বেসরকারি খাতের অংশীদারিতে প্রকল্প বাস্তবায়নে কাজ করবে।এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি নামে আরও একটি আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয়। সর্বশেষ অনুমোদন দেওয়া আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে গত সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রতি মাসের তারল্য পরিস্থিতি নতুন পদ্ধতিতে জানাতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্ধারিত ছকে প্রতি মাসের তারল্য পরিস্থিতি পরবর্তী মাসের পাঁচ কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগকে জানানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জানানো হয়েছে।বাংলাদেশ ব্যাংকের পাঠানো ছক অনুসারে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তার মূলধন, মোট আমানত, রিজার্ভ ও অতিরিক্ত তারল্য, যেকোনো ধরনের বন্ড, ব্যাংকঋণ, বর্তমান দায় ও ঘাটতি, ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণসহ সার্বিক বিষয়ে তথ্য দিতে হবে।নির্বাহী কমিটি: আর্থিক প্রতিষ্ঠানে জরুরি কোনো বিষয়ে সিদ্ধান্তের জন্য নির্বাহী কমিটি গঠনের কাঠামো দিয়েছে বাংলাদেশ ব্যাংক।এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পরিচালনা পর্ষদের সদস্যদের সমন্বয়ে সর্বোচ্চ পাঁচ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা যাবে। এর আগে পরিচালক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সমন্বয়ে নির্বাহী কমিটি গঠন করা যেত। সেখানে কোনো সংখ্যা ঠিক করা ছিল না।কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে গতকাল বুধবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।নির্বাহী কমিটি ও নিরীক্ষা কমিটি ছাড়া পর্ষদ কর্তৃক অন্য কোনো স্থায়ী বা অস্থায়ী কমিটি বা সাব-কমিটি গঠন করা যাবে না। এর আগে ২০০৭ সালের এক প্রজ্ঞাপনে বিভিন্ন নিয়মিত বিষয় যেমন—ঋণ বা লিজ প্রস্তাব অনুমোদন, আদায়, অবলোপন, ঋণ পুনঃ তফসিল করা ইত্যাদি ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সমন্বয়ে নির্বাহী কমিটি গঠন করার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল।