পাইকারি পণ্য বিক্রিতে রসিদ বাধ্যতামূলক
খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রির ক্ষেত্রে রসিদ (ক্যাশমেমো) ব্যবহার করতে পাইকারি ব্যবসায়ীদের তাগিদ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। যা বাধ্যতামূলক বলেও উল্লেখ করা হয়।সচিবালয়ে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় গতকাল সোমবার এ ব্যাপারে তাগিদ দেওয়া হয়। অতিরিক্ত বাণিজ্যসচিব এম মুর্তজা রেজা চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হোসেন মিঞাসহ রাজধানীর বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সূত্র জানায়, রসিদ ব্যবহারের বিষয়টি ছাড়া আরও তিনটি বিষয়ে তাগিদ দেওয়া হয় বৈঠকে। এগুলো হচ্ছে: খুচরা দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা বাধ্যতামূলক টানানো, বাজার তদারক দলকে পণ্যমূল্য জানিয়ে সহায়তা করা এবং দোকানে ভেজাল পণ্য না রাখা।জানা গেছে, ব্যবসায়ীরা এ চার দফা তাগিদ বাস্তবায়নে সরকারকে সহায়তা করবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে এর আগে তাঁরা খুচরা বিক্রেতাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন।বাজারে সব পণ্যেরই যথেষ্ট সরবরাহ থাকায় ঈদুল আজহা উপলক্ষে দাম না বাড়ানোরও আহ্বান জানানো হয় বৈঠকে। সতর্ক করে দিয়ে বলা হয়, মাত্রাতিরিক্ত মুনাফা করে জনভোগান্তি সৃষ্টি করা যাবে না।সূত্র জানায়, বৈঠকে অতিরিক্ত বাণিজ্যসচিব বলেছেন, যে দোকানেই ভেজালপণ্য পাওয়া যাবে, সে দোকানের মালিককেই আইনানুগ শাস্তি দেওয়া হবে।টিসিবির পণ্য: ঈদুল আজহা উপলক্ষে কম দামে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রির উদ্যোগ নিয়েছে সরকারি বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ লক্ষ্যে আজ মঙ্গলবার থেকে সংস্থাটির ডিলারদের এই তিনটি পণ্য সরবরাহ করা হবে।ডিলাররা প্রতি কেজি চিনি ৫৭ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১০৩ টাকা এবং দেশি মসুর ডাল ৬০ টাকা ও তুরস্কের ডাল ৫৮ টাকায় বিক্রি করবেন।টিসিবি জানায়, একজন ডিলারকে দুই হাজার কেজি চিনি, ৬০০ লিটার সয়াবিন তেল ও ৫০০ কেজি করে মসুর দেওয়া হবে।