বাংলাদেশ ফান্ডের ইউনিট বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের আলোচিত বাংলাদেশ ফান্ডের ইউনিট বিক্রি শুরু হয়েছে। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে এই বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী মঞ্চেই ফান্ডটির ৪০ কোটি টাকার ইউনিট বিক্রির মাধ্যমে সাড়ে তিন হাজার কোটি টাকার তহবিল সংগ্রহের কাজ শুরু হয়েছে। বেসরকারি খাতের ঢাকা ব্যাংক ও এবি ব্যাংক ২০ কোটি টাকা করে মোট ৪০ কোটি টাকার সমমূল্যের ইউনিট কেনে। ফান্ডটির প্রতিটি ইউনিটের মূল্য ছিল ১০০ টাকা এবং ১০০ ইউনিটে একটি বাজারগুচ্ছ বা মার্কেট লট। গতকাল সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এই বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি যোগ দিতে পারেননি।অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশীদ এবং এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক বদরুল এইচ খানের হাতে ইউনিটের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন। বাংলাদেশ ফান্ডের মূল উদ্যোক্তা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান। এ ছাড়া অনুষ্ঠানে ফান্ডের উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তা, পুঁজিবাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গত এপ্রিল মাসে পাঁচ হাজার কোটি টাকার বেমেয়াদি এই মিউচুয়াল ফান্ডটি গঠন করা হয়। এখন পর্যন্ত এটিই দেশের পুঁজিবাজারের সবচেয়ে বড় মিউচুয়াল ফান্ড। আইসিবি ছাড়া ফান্ডটির অন্য সাত উদ্যোক্তা হলো—রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক (সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা), জীবন বীমা করপোরেশন, সাধারণ বীমা করপোরেশন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)। এর মধ্যে উদ্যোক্তাদের দেড় হাজার কোটি টাকা বাজারে বিনিয়োগ করা হয়েছে বলে আইসিবি জানিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মসিউর রহমান বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার দক্ষতা বাড়িয়ে যথাযথভাবে আইনকানুনের প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি সময়মতো প্রয়োজনীয় তারল্য সরবরাহ করা হলে বাজার স্থিতিশীল আচরণ করবে। মসিউর রহমান আরও বলেন, যাঁরা দ্রুত মুনাফার মানসিকতায় কম পুঁজি নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করতে আসেন, তাঁরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। আর এসব বিনিয়োগকারী পুঁজি হারিয়ে উত্তেজনায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপনে বিঘ্ন সৃষ্টি করেন। বিনিয়োগকারীদের এই আচরণ সুনাগরিকের পরিচয় বহন করে না। মসিউর বলেন, পুঁজিবাজারে বিনিয়োগে ঝুঁকি রয়েছে। তাই ঝুঁকি নেওয়ার মতো মানসিকতা ও আর্থিক ক্ষমতা যাদের আছে তাদেরই এখানে বিনিয়োগ করা উচিত। দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করলে লোকসানের ঝুঁকিও কমবে। এসইসির চেয়ারম্যান বলেন, ‘আমাদের শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর চেয়ে সাধারণ বিনিয়োগকারীর সংখ্যা বেশি। যাদের বেশির ভাগই গুজবের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। তাই বাজারে উত্থান-পতনও বেশি ঘটে। এই অবস্থায় বাজারের স্থিতিশীলতার স্বার্থে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়াতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ফান্ড বড় ভূমিকা রাখবে।’ আইসিবির ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, দেশে-বিদেশে ব্যক্তিশ্রেণী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে ফান্ডটির ইউনিট বিক্রি করা হবে। যেহেতু এটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ড, তাই ভবিষ্যতে প্রয়োজনে ফান্ডটির আকারও বাড়ানো যাবে। ফান্ডটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।