দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার বড় ধরনের দরপতন ঘটেছে। অনেকটা আকস্মিকভাবেই টানা পাঁচ কার্যদিবস পর এই দরপতন ঘটল।তবে বাজারে দরপতন ঘটলেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে। আর অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ১০০ কোটি টাকা। অবশ্য গতকাল বিকেলেই শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সরকারের নেওয়া ‘বিভিন্ন পদক্ষেপ’ ঘোষণা করা হয়। লেনদেন ও মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম পাঁচ মিনিটের মধ্যেই ঢাকার বাজারের সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ১৯৫ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের গতিও ছিল বেশ ভালো। এরপর মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় কিছুটা মূল্য সংশোধন হতে থাকে।তবে দুপুরের পর শেয়ার কেলেঙ্কারি-সংক্রান্ত উচ্চ আদালতের দেওয়া একটি আদেশের খবর বাজারে আসে। ওই আদেশে ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় ‘সিকিউরিটিজ কনসালটেন্ট লিমিটেডের’ বিরুদ্ধে করা মামলার কার্যক্রমের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়। একই সঙ্গে ওই মামলায় অভিযুক্ত তিনজনের অব্যাহতির আবেদনও খারিজ করে দেওয়া হয়। ওই মামলায় অভিযুক্ত তিনজনের একজনের নাম এম জি আজম চৌধুরী। অথচ বাজারে বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ে যে আজম জে চৌধুরীর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির মামলা চালু হচ্ছে।একই সঙ্গে বাজারে গুজব ছড়িয়ে পড়ে যে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে সব সময় ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতার যে সিদ্ধান্ত এসইসি নিয়েছে, তার বিরুদ্ধে মামলা করা হবে। বিশ্লেষকেরা বলছেন, এসব বিভ্রান্তিকর খবর ও গুজবের প্রভাবে বাজারে হঠাৎ করেই বড় ধরনের দরপতন হয়। যদিও দিনের শেষে গুজবের কোনো সত্যতা মেলেনি।তবে ঢাকার বাজারে গতকাল দিনের শেষে প্রায় এক হাজার ৫১ কোটি টাকার লেনদেন হয়। গত প্রায় চার মাসের মধ্যে এটি ছিল সর্বোচ্চ লেনদেন। এর আগে চলতি বছরের ১ আগস্ট সর্বশেষ ডিএসইতে এক হাজার পাঁচ কোটি টাকার লেনদেন হয়েছিল। দিনের শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার ৩৭৩ পয়েন্টে। এদিন ঢাকার বাজারে লেনদেন হওয়া ২৫৯ কোম্পানির মধ্যে ২৩৩টিরই দাম কমেছে, বেড়েছে ২৪টির আর অপরিবর্তিত ছিল দুটির দাম। মোট লেনদেনের পরিমাণ ছিল আগের দিনের চেয়ে ২৪৮ কোটি টাকা বেশি।৪৬ কোম্পানি: মঙ্গলবারই বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণসংক্রান্ত বাধ্যবাধকতা আরোপ করে। বলা হয়, এখন থেকে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে সব সময় ওই কোম্পানির ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে।এ নির্দেশনার পর গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকেই সেই সব কোম্পানির প্রতিই বিনিয়োগকারীদের মাত্রাতিরিক্ত আকর্ষণ ছিল, যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে ৩০ শতাংশের কম শেয়ার রয়েছে। ডিএসইর হিসাব অনুযায়ী, এ রকম কোম্পানির সংখ্যা ছিল ৪৬টি। এর মধ্যে আটটিই ছিল লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায়। আলোচিত এই ৪৬ কোম্পানির বেশির ভাগই গতকাল লেনদেনের শুরুতে দাম বাড়ার সর্বোচ্চ সীমা ছুঁয়ে ফেলে। যদিও দিনের শেষে বড় দরপতনের কারণে এই সীমা ধরে রাখা সম্ভব হয়নি। তবে এসব কোম্পানির অনেকগুলোই গতকাল লেনদেনের প্রায় বেশির ভাগ সময় ধরে বিক্রেতাশূন্য অবস্থায় ছিল।