বাড়তি আলু বিক্রির জন্য সরকারি উদ্যোগ দাবি
দেশের হিমাগারে সংরক্ষিত আলু নষ্ট হওয়ার আগেই বিক্রির উদ্যোগ নিতে ও কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। তাঁরা জনগণকে বেশি করে আলু খেতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।কৃষিখাত ও খাদ্যনিরাপত্তার বিষয়ে এক সেমিনারে ব্যবসায়ীরা গতকাল রোববার এ দাবি জানান। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এই সেমিনারের আয়োজন করে। খবর ইউএনবির।রাজধানীর মতিঝিলে ফেডারেশন মিলনায়তনে আয়োজিত সেমিনারে ব্যবসায়ী নেতারা আরও বলেন, গত মৌসুমে এক কোটি মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। চাহিদার বিপরীতে মাত্র ৩৬ লাখ টন আলু দেশের ৩৩২টি হিমাগারের সংরক্ষণ করা সম্ভব হয়েছে।তবে সেমিনারের প্রধান অতিথি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এসব দাবির জবাবে বলেন, মিষ্টি কথায় সমাধান হবে না। একা একজন মন্ত্রীর সিদ্ধান্তে কোনো সমস্যার সমাধান হয় না। উদ্বৃত্ত আলু বিক্রির জন্য উদ্যোগ নিতে অন্য মন্ত্রীদের সঙ্গে আলোচনা করা হবে।আলু উৎপাদন বেশি হওয়াটা সুসংবাদ ও কম চাহিদার কারণে উদ্বৃত্ত থাকাটা দুঃখজনক উল্লেখ করেন কৃষিমন্ত্রী। তবে তিনি বলেন, প্রত্যেকে কী খাবে, সেটা নির্ধারণ করার অধিকার তাদের আছে। আর তাই জনগণকে আলু খাওয়ার জন্য জোর করা যায় না।মতিয়া চৌধুরী আরও বলেন, সরকার এর আগে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সনাতনী পদ্ধতিতে আলু সংরক্ষণের উপায় সম্পর্কে অবহিত করেছে।বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন বলেন, দেশে আলু খাওয়ার প্রবণতা কম হওয়ায় এবার ১০ লাখ টন আলু অবিক্রিত থাকবে। এতে ভবিষ্যতে কৃষকেরা আলু চাষে আগ্রহ হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।সভাপতির বক্তব্যে এ কে আজাদ বলেন, সরকার রেশনিং পদ্ধতিতে আলু দিতে পারে। এ ছাড়া আলুর চাহিদা বাড়াতে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি বাড়ানো যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।সেমিনারে আরও বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের মহাপরিচালক আনোয়ার ফারুক, এফবিসিসিআইয়ের সহসভাপতি এম জসিম উদ্দিন ও মোস্তফা আজাদ চৌধুরী।