ব্যয় কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের তাগিদ
জ্বালানিশক্তির ব্যয় সাশ্রয় করতে বস্ত্র, ডায়িং ও ওয়াশিং শিল্পে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের সুপারিশ করেছেন উদ্যোক্তা ও বস্ত্র খাতের বিশেষজ্ঞরা। এ জন্য তাঁরা প্রতিষ্ঠানগুলোকে চাহিদা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ, পানি ও কাঁচামাল ব্যবহার এবং বর্জ্য কমানোর পরামর্শ দিয়েছেন। গতকাল রাজধানীর একটি হোটেলে ‘অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন ক্লিনার প্রডাকশন: ফ্রম পাইলটস টু স্কেলিং আপ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলা হয়। সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি (এসইডিএফ), ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), ডিএফআইডি ও নোরাড এই কর্মশালার আয়োজন করে। খবর ইউএনবির। সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিক সমিতির (বিজিএমইএ) পরিচালক আরশাদ জামাল, আইএফসির জ্যেষ্ঠ কর্মকর্তা মনিকা এম ওয়েবার ফাহার, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, বিশ্বব্যাংকের কাওয়াজা মিন্নাত উল্লাহ, পায়েল জেইন, মারিয়াকা উইডেসটিজিন প্রমুখ। আরশাদ জামাল বলেন, দেশের সিংহভাগ শিল্প-কারখানায় বাস্তবিকভাবেই বর্জ্য শোধনাগার (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট বা ইপিটি) নেই। তাই কারখানার বর্জ্য সরাসরি পানিতে গিয়ে পড়ে। এতে পানির উৎস নষ্ট হচ্ছে।জামাল আরও বলেন, পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে পরিবেশবান্ধব পণ্য উৎপাদনে সবার আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বুঝাতে হবে এবং তাঁদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। কর্মশালায় এম এ জব্বার পরিচ্ছন্ন উৎপাদনের ব্যবসায়িক উপকারিতা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা পরিবেশবান্ধব প্রযুক্তি আমাদের সব উৎপাদন ইউনিটে বাস্তবায়ন করব।’ মনিকা এম ওয়েবার ফাহার বলেন, বিশ্বব্যাংকের সদস্য আইএফসি এবং তাদের অংশীদারেরা বাংলাদেশের বস্ত্র খাতে এই প্রযুক্তি ব্যবহারে সাহায্য সহযোগিতা করছে। এভাবে পরিচ্ছন্ন উৎপাদন করে দেশটি এ পর্যন্ত ১০ লাখ ডলার ও সাত কোটি ৫০ লাখ লিটার পানি সাশ্রয় করেছে। কর্মশালায় ওয়েবার ফাহার জানান, যদি এক হাজার ৭০০ প্রতিষ্ঠান পরিচ্ছন্ন উৎপাদনে যায়, তবে সাত কোটি ডলার ও এক হাজার ৫০ কোটি লিটার পানি সাশ্রয় হবে। এতে প্রায় তিন কোটি ১০ লাখ মানুষ বিশুদ্ধ পানির সুবিধা পাবে।