ভারতে বিনা শুল্কে রড রপ্তানির ব্যবস্থার দাবি
দেশের রডসহ এমএস পণ্য হয় ভারতে বিনা শুল্কে রপ্তানির ব্যবস্থা নিতে হবে, নইলে ভারতকে আশুগঞ্জ নৌবন্দর ব্যবহারের সুযোগ দেওয়া বন্ধ করতে হবে। এমন দাবি জানিয়েছে দেশের স্টিল ও রি-রোলিং মিল মালিকদের তিনটি সংগঠন।রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্টিল মিলস ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশন।সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আগে রি-রোলিং মিলমালিকেরা ভারতে রডসহ এমএস পণ্য বিনা শুল্কে রপ্তানির ব্যবস্থা নিতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করেন এবং মন্ত্রী এ বিষয়ে তাঁদের আশ্বস্তও করেন। প্রাথমিকভাবে তৈরি হওয়া ৬১টি পণ্যের তালিকায় এমএস পণ্যও ছিল। কিন্তু ভারতের প্রতিনিধিদল এমএস পণ্যকে তালিকা থেকে বাদ দেয়।শুধু তাই নয়, সম্প্রতি আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে আখাউড়া দিয়ে ভারতের বিভিন্ন রাজ্য থেকে রড তৈরির রি-রোলিং মিলের কাঁচামাল ইংগট ও বিলেট ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোয় বিনা শুল্কে যাচ্ছে। ফলে এসব পণ্য বিনা শুল্কে এ দেশেও ঢুকে পড়তে পারে। এতে দেশের রি-রোলিং ও স্টিল শিল্প ধ্বংসের মুখে পড়বে।মিলমালিকেরা বলেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোয় বাংলাদেশের রডের বেশ চাহিদা আছে। সেসব রাজ্যে স্টিল মিল না থাকায় ভারতেরই দূরের রাজ্য থেকে তাদের এসব আনতে হয়। অথচ এ দেশ থেকে সহজে এবং কম দামে সেখানে রড সরবরাহ করা সম্ভব।তবে বেশকিছু শুল্ক ও অশুল্ক বাধার কারণে ওই রাজ্যগুলোতে বাংলাদেশ থেকে রড রপ্তানি করা যাচ্ছে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশে রি-রোলিং ও স্টিল মিলস শিল্পের বার্ষিক উৎপাদনক্ষমতা ৮০ লাখ টন। কিন্তু গ্যাস ও বিদ্যুৎসংকট এবং লোডশেডিংয়ের কারণে উৎপাদন হচ্ছে গড়ে ৪০ লাখ টন। ফলে এই শিল্পমালিকেরা ক্রমাগত লোকসান দিয়ে আসছেন।সংবাদ সম্মেলনে অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মাকসুদুল আলম ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মজুমদার, স্টিল মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহজাহান এবং রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ বক্তব্য দেন।