ভোমরা স্থলবন্দরে চার মাসে ৫০ কোটি টাকার রাজস্ব আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোমরা স্থলবন্দরে গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে মোট ৫০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।আমদানি-রপ্তানিকারকেরা জানান, পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নের অভাবে এই বন্দরের সম্ভাবনা কাজে লাগানো যায়নি। সে জন্য তাঁরা অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ভোমরায় পূর্ণাঙ্গ স্থলবন্দরের সুযোগ-সুবিধা চালু করার দাবি জানান। যাতে এই বন্দর থেকে সরকারের বছরে অন্তত হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়। ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী নওশেদ দেলওয়ার জানান, পশ্চিমবঙ্গের কলকাতার সঙ্গে দূরত্ব কম হওয়ায় আমদানি-রপ্তানিকারকেরা এই বন্দর ব্যবহার করতে চান। কিন্তু সাতক্ষীরা শহর থেকে বন্দর অভিমুখী সড়ক পণ্যবাহী যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানির পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে।বর্তমানে এ বন্দর দিয়ে চাল, মসলা, মার্বেল টাইলস ও কাগজসহ উচ্চ শুল্কের পণ্য আমদানির অনুমতি নেই। তা সত্ত্বেও প্রতিবছর এই বন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণে রাজস্ব আয় হচ্ছে।এদিকে বন্দর সূত্র জানায়, ইতিমধ্যে বন্দরের জন্য জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে। আগামী মাস থেকে শুরু হবে বন্দর উন্নয়নের জন্য ওয়্যার হাউস, ট্রাক টার্মিনাল, বাইপাস সড়ক ও পুলিশ সাব-স্টেশন নির্মাণ, পণ্য পরিমাপযন্ত্র স্থাপন এবং ফায়ার সার্ভিসের সেবা চালুর কাজ শুরু হবে। ইতিমধ্যে অবশ্য সড়ক নির্মাণের জন্য দরপত্র হয়ে গেছে। টেলিযোগাযোগও স্থাপন করা হয়েছে।সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, ভোমরা স্থলবন্দরসংলগ্ন ও সাতক্ষীরা থেকে বাঁকাল পর্যন্ত মহাসড়ক উন্নয়নের টেন্ডার হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। বাইপাস সড়কের জন্য টাকা বরাদ্দ হয়েছে। জমি অধিগ্রহণের কাজ চলছে।ভোমরা বন্দরের কাস্টমস সুপার এম এস কামাল হোসেন প্রথম আলোকে জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০১১-১২ অর্থবছরে ভোমরা স্থলবন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ১৬৬ কোটি ৫৯ লাখ ৩৮ হাজার টাকা। এর মধ্যে প্রথম চার মাসে আদায় হয়েছে ৫০ কোটি টাকা। অবকাঠামোগত ও সড়ক উন্নয়ন হলে রাজস্ব আয় আরও বাড়বে।