মাছচাষি সেজে ঋণ নিয়ে এখন খেলাপি এক হাজার ৭২০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছচাষি সেজে সমিতি গঠন করে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছিল প্রায় সাড়ে আট কোটি টাকা। ওই ঋণ আর শোধ করেননি কথিত মাছচাষিরা। এখন সুদেমূলে ঋণ গিয়ে ঠেকেছে প্রায় ২০ কোটি টাকায়। কাগুজে সমিতিগুলো হয়ে পড়েছে ঋণখেলাপি। আর এত বড় ঋণের বোঝা নিয়ে বেকায়দায় আছে সোনালী ব্যাংকের নওয়াপাড়া শাখা। এটি যশোরের অভয়নগর উপজেলায় অবস্থিত।জানা গেছে, সরকারের বিশেষ কর্মসূচির আওতায় মাছ চাষ সম্প্রসারণের জন্য সোনালী ব্যাংকের নওয়াপাড়া শাখা থেকে ‘প্রকৃত মাছচাষিদের’ ঋণ দেওয়া হয়েছিল। শর্ত ছিল, ঋণগ্রহীতাকে অবশ্যই প্রকৃত মাছচাষি হতে হবে এবং তাঁর নিজস্ব মাছের খামার বা জলাশয় থাকতে হবে। আর প্রকৃত মাছচাষিদের সমন্বয়ে গঠিত সমিতির মাধ্যমেই কেবল এ ঋণ দেওয়ার কথা। বাস্তবে মাছচাষি নয়—এমন লোকজনকে কাগজে-কলমে মাছচাষি বানিয়ে তাঁদের দিয়ে সমিতি গঠন করে এ ঋণ বিতরণ করা হয়। এ ঘটনায় তৎকালীন শাখা ব্যবস্থাপক আবদুল হাকিমকে ২০০৬ সালে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সোনালী ব্যাংক সূত্র জানায়, ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৬০টি ‘প্রকৃত মাছচাষি সমিতি’র এক হাজার ৯৮৪ জন সদস্যের মধ্যে সাড়ে কোটি টাকা ঋণ বিতরণ করা হয়। এ পর্যন্ত মাত্র দুটি সমিতি তাদের ঋণ পরিশোধ করেছে। অবশিষ্ট ৫৮টি সমিতির এক হাজার ৭২০ জন সদস্য ঋণখেলাপি হয়ে পড়েছেন। ইতিমধ্যে ৩২ জন ঋণখেলাপির বিরুদ্ধে মামলাও করেছে ব্যাংকটি। যোগাযোগ করা হলে সোনালী ব্যাংক নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক মো. আবদুল ওহাব প্রথম আলোকে বলেন, তিনি অল্প কিছুদিন হলো এই শাখায় যোগ দিয়েছেন। তবে তিনি জেনেছেন, মাছচাষি সেজে কাগজে-কলমে সমিতি গঠন করে ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে গ্রহীতারা আর তা ফেরত দিতে পারছে না। ঋণগ্রহীতাদের দ্বারে দ্বারে বার বার ঘুরেও ঋণের টাকা আদায় করা সম্ভব হচ্ছে না। জানা গেছে, ইতিমধ্যে ২৮ জন ঋণখেলাপির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ১৫ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। আর দেড় হাজার জনকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে।