টানা দরপতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক আবারও পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণও ২০০ কোটি টাকার ঘরে চলে এসেছে। বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুচ্ছ প্রণোদনা ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার প্রথম ডিএসইর সাধারণ সূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে নামল। এর আগে গত ১৬ নভেম্বর সর্বশেষ ডিএসইর সাধারণ সূচক ছিল প্রায় চার হাজার ৯৮৮ পয়েন্টে। ওই দিনই শেয়ারবাজার-পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার-সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর ওই বৈঠকের পর ২৩ নভেম্বর বাজারের জন্য গুচ্ছ প্রণোদনা ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল দরপতন দিয়েই লেনদেন শেষ হয়। এর ফলে সপ্তাহের চার কার্যদিবস ধরেই বাজারে দরপতন ঘটল। মূল্যবৃদ্ধি দিয়ে গতকাল দিনের লেনদেন শুরু হলেও শেষ পর্যন্ত তা স্থায়ী হয়নি। লেনদেন শুরুর ১০ মিনিটের মধ্যেই দরপতনের ধারায় চলে যায় বাজার। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ২ শতাংশ বা ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৯৩২ পয়েন্টে। এর আগে সর্বশেষ গত ১৫ নভেম্বর এটি চার হাজার ৬৪৯ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল। এদিকে, দরপতনের প্রতিবাদে গতকালও রাজধানীর মতিঝিলের ডিএসই ভবনের সামনে বিক্ষোভ শুরু করে একদল বিনিয়োগকারী। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে দুপুরের পর এ কর্মসূচি পালিত হয়। তবে বিক্ষোভ চলাকালে ডিএসইর সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। বাজারে স্থিতিশীলতা ফেরাতে এসইসি তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত ও এককভাবে ন্যূনতম শেয়ারধারণের বাধ্যবাধকতা আরোপ করে। এ শর্ত পরিপালনে সৃষ্ট জটিলতা নিরসনে বুধবারই ‘সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ’ বিধিমালার সংশ্লিষ্ট ধারাও শিথিল করা হয়। এর ফলে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কেনার ঘোষণা এসে বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে—এমনটাই ধারণা ছিল বিনিয়োগকারী ও বাজার-সংশ্লিষ্টদের। যোগাযোগ করা হলে পুঁজিবাজার বিশ্লেষক আকতার হোসেন সান্নামাত বলেন, উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনার ঘোষণা বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলবে—এমনটা ভাবা ঠিক হবে না। বরং তারা সময়সুযোগ বুঝে এ শর্ত পরিপালন করবেন। তিনি আরও বলেন, বাজারের বর্তমান পরিস্থিতিতে দরকার বিনিয়োগকারীদের আস্থা। টানা দরপতনের কারণে বাজার শেষ পর্যন্ত কোথায় যাবে তা কেউ-ই সঠিকভাবে অনুমান করতে পারছে না। এ কারণে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ছে। তাই এই অবস্থায় বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সবার আগে দরকার এক ধরনের নিশ্চয়তা। যদি নিয়ন্ত্রক সংস্থা সাময়িকভাবে হলেও সূচকের সর্বনিম্ন সীমা (ইনডেক্স ব্রেকার) বেঁধে দেয়, তাহলে বিনিয়োগকারীরা আশ্বস্ত হবে। সান্নামাত আরও বলেন, ‘ধরা যাক, সূচকের সর্বনিম্ন সীমা বেঁধে দেওয়া হলো পাঁচ হাজার পয়েন্ট। তখন সবাই অন্তত এতটুকু আশ্বস্ত হতে পারবে, বাজার আর এর নিচে নামবে না। তখন নিষ্ক্রিয় বিনিয়োগকারীরাও সক্রিয় হবে। আবার কেউ যদি কারসাজি করে বাজারে দরপতন ঘটানোর চেষ্টা করে, সেটিও সম্ভব হবে না।’গতকালের বাজারচিত্র: ঢাকার বাজারে গতকাল ২৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে ২০৪টিরই দাম কমেছে, বেড়েছে ৩৯টির আর অপরিবর্তিত ছিল ১১টির দাম। ডিএসইতে এদিন ২০২ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৭২ কোটি টাকা কম।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল ২৫৪ পয়েন্ট কমে নেমে এসেছে ১৪ হাজার ৭৮ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৫টি কোম্পানির মধ্যে ১৪৬টিরই দাম কমেছে, বেড়েছে ২১টির আর অপরিবর্তিত ছিল আটটির দাম।দিন শেষে চট্টগ্রামের বাজারে ৩০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে আট কোটি টাকা কম।