শেয়ারবাজারে আবারও বড় ধরনের দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার আবারও বড় দরপতন ঘটেছে। দিন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক প্রায় ১০৪ পয়েন্ট বা ২ দশমিক ৩৮ শতাংশ কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ৩৩১ পয়েন্ট বা ২ দশমিক ৬১ শতাংশ। একই সঙ্গে দুই বাজারে কমেছে লেনদেনের পরিমাণও।যদিও জোর তদারকির ফলে গত মঙ্গলবার দেশের দুই শেয়ারবাজারে মূল্যসূচক সামান্য বেড়েছিল। কিন্তু এ প্রক্রিয়া স্থায়ী হয়নি। বরং তদারকি বাড়ানোর পরও গতকাল বাজারে বড় দরপতন ঘটেছে।ঢাকা ও চট্টগ্রামের বাজারে গতকাল লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৭ শতাংশই দর হারিয়েছে। পাশাপাশি এদিন ডিএসইর লেনদেন আবারও ২০০ কোটি টাকার নিচে নেমে এসেছে।শুধু তা-ই নয়, গত প্রায় এক মাসের ব্যবধানে গতকাল ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ গত ৭ ফেব্রুয়ারি ডিএসইতে ২০০ কোটি টাকার কম লেনদেন হয়েছিল।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বর্তমান বাজারে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণীর বড় বিনিয়োগকারীরা অনেকটাই নিষ্ক্রিয় রয়েছেন। এর ফলে বাজার তার স্বাভাবিক গতি পাচ্ছে না। পাশাপাশি গুজবও যেন পিছু ছাড়ছে না। সূচকের দরপতন ঘটলেই বাজারে নানা রকম গুজব ছড়িয়ে পড়ে। এতে সাধারণ বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে হাতে থাকা শেয়ার বিক্রি করে দেন।ডিএসইতে গতকাল বুধবার ২৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে মাত্র ২৫টির দাম বেড়েছে, আর কমেছে ২১৭টির দাম। দিন শেষে আটটি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। দিন শেষে গতকাল ডিএসইর সাধারণ মূল্যসূচক নেমে এসেছে প্রায় চার হাজার ২৮৫ পয়েন্টে। এদিন ঢাকার বাজারে প্রায় ১৮০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ২০ কোটি টাকা কম।ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এর পরে ছিল ইন্টারন্যাশনাল লিজিং, ইউনাইটেড এয়ারওয়েজ, আরএন স্পিনিং, গ্রামীণফোন, পিপলস লিজিং, এনবিএল, পূবালী ব্যাংক, যমুনা অয়েল ও সামিট পাওয়ার।সিএসইর সার্বিক মূল্যসূচক বুধবার দিন শেষে নেমে এসেছে প্রায় ১২ হাজার ৩৪৬ পয়েন্টে। এদিন চট্টগ্রামের বাজারে ১৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫২টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ১৬টির, আর অপরিবর্তিত ছিল ছয়টির দাম। সিএসইতে গতকাল বুধবার প্রায় ২৫ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় আট কোটি টাকা কম।