শেয়ারবাজারের অনিয়ম তদারকিতে সার্বক্ষণিক যৌথ পরিদর্শক দল গঠন
শেয়ারবাজারে বিভিন্ন অনিয়ম তদারকির জন্য চার সদস্যের ‘সার্বক্ষণিক যৌথ পরিদর্শক দল’ গঠন করা হয়েছে। পুঁজিবাজার তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়। গত ১৬ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মূলধন বাজার অধিশাখার উপসচিব মো. নাসির উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে পরিদর্শক দলের কর্মপরিধি ও কার্যপদ্ধতি নির্ধারণ করে দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) একজন নির্বাহী পরিচালক এই দলের নেতৃত্বে থাকবেন। দলের প্রধান হিসেবে নির্বাহী পরিচালককে মনোনয়ন দেবেন এসইসির চেয়ারম্যান। চারজনের ওই দলে আরও থাকবেন বাংলাদেশ ব্যাংকের একজন মহাব্যবস্থাপক (গভর্নর মনোনীত), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা। পরিদর্শক দল বা নবগঠিত কমিটির কর্মপরিধিতে বলা হয়েছে, কমিটির নেতৃত্বে ‘পরিদর্শন পরিকল্পনা’ প্রণীত হবে, যে পরিকল্পনার মধ্যে থাকবে কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি বা ব্যক্তিবিশেষ, পুঁজিবাজার-সংশ্লিষ্ট মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের কেউ কোনোভাবে নিয়মবহির্ভূতভাবে বাজার প্রভাবিত করার কাজে লিপ্ত রয়েছে কি না, সেসব বিষয়। এ জন্য তাঁরা পুঁজিবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক ভিত্তিতে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে ‘রিপোর্ট ফরম্যাট’ তৈরি করবে এবং ওই প্রতিষ্ঠানের কাছে পরিপালনের জন্য তা প্রদান করবে। এসইসির চেয়ারম্যানের কাছে তাঁরা তাঁদের পরিদর্শন প্রতিবেদন পেশ করবেন। এ ছাড়া কোনো বিষয়ে জরুরি তদন্তের প্রয়োজন হলে কমিটি এসইসির চেয়ারম্যানের অনুমোদনক্রমে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে অথবা এসইসি ও বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে তাৎক্ষণিক তদন্ত করবে। যৌথ পরিদর্শক দল তাদের কর্মপরিকল্পনা, অগ্রগতি ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে পর্যালোচনার জন্য প্রতি মাসে একবার বৈঠক করবে।পর্যবেক্ষণ দল স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, মার্চেন্ট ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, স্টক ব্রোকার/ডিলার এবং সব তালিকাভুক্ত কোম্পানির কাছ থেকে শেয়ার লেনদেনসংক্রান্ত এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবে। নবগঠিত এই দলের কার্যপদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, এসইসি ও স্টক এক্সচেঞ্জের সার্ভিল্যান্স বিভাগের তদন্ত প্রতিবেদন সংগ্রহ; দৈনিক পত্রিকার সংবাদসমূহ (পেপার কাটিং) ও টেলিভিশনের ভিডিও ফুটেজ সংগ্রহ, বিশ্লেষণ ও নমুনা চয়নের ভিত্তিতে তাদের কর্মপরিকল্পনা তৈরি করবে। প্রজ্ঞাপনে এও বলা হয়েছে, কাজের ব্যাপকতায় পরিদর্শক দলের সহায়তা প্রদানকারী কর্মকর্তা প্রয়োজন হতে পারে। এ অবস্থায় দলের সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তাঁদের সাহায্যে নিজস্ব প্রতিষ্ঠানের পর্যাপ্ত জনবল ব্যবহার করতে পারবেন।গত ডিসেম্বর-জানুয়ারিতে শেয়ারবাজারে ভয়াবহ ধসের পরিপ্রেক্ষিতে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে সরকার এই যৌথ পরিদর্শক দল গঠন করেছে বলে জানা গেছে।