শেয়ারের লেনদেন নিষ্পত্তির সময় এক দিন কমছে
শেয়ারবাজারে লেনদেন নিষ্পত্তির সময় এক দিন কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে, তা ঠিক করবে দুই স্টক এক্সচেঞ্জ। তবে জেড ক্যাটাগরিভুক্ত দুর্বল মৌল ভিত্তির শেয়ারের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে না।এসইসির এই সিদ্ধান্ত কার্যকর হলে চার কার্যদিবসের পরিবর্তে সর্বনিম্ন তিন কার্যদিবসে লেনদেন নিষ্পন্ন হবে। গতকাল মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় জিবিবি পাওয়ার লিমিটেড নামের নতুন একটি কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেওয়া হয়েছে।সভা শেষে এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ এসব সিদ্ধান্তের কথা জানান।জানা যায়, বাজারের ধারাবাহিক দরপতন ঠেকাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনতে এসইসির কাছে লিখিত সুপারিশ করে।বর্তমানে পুঁজিবাজার ‘এ’, ‘বি’, ‘জি’, ‘এন’ ও ‘জেড’ মিলিয়ে মোট পাঁচ ক্যাটাগরির কোম্পানি রয়েছে। এদের মধ্যে শুধু জেড ক্যাটাগরির শেয়ারের লেনদেন নিষ্পত্তি হতে সর্বনিম্ন ১০ কার্যদিবস (টি+৯) লাগে। অন্যগুলোর শেয়ারের লেনদেন সর্বনিম্ন চার কার্যদিবসে (টি+৩) নিষ্পন্ন হয়।এসইসি জানিয়েছে, দুই স্টক এক্সচেঞ্জের সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময় কমে যাওয়ায় বাজারের লেনদেনের ওপর এর ইতিবাচক প্রভাব পড়বে। আগের চেয়ে কম সময়ে বিনিয়োগকারীরা শেয়ারের মালিকানা ও অর্থ বুঝে পাবেন। লেনদেনের সক্ষমতাও বাড়বে। দীর্ঘ মেয়াদে এটি বিনিয়োগকারীদের জন্য সুফল বয়ে আনবে।দুই স্টক এক্সচেঞ্জের নেতারা এসইসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।যোগাযোগ করা হলে ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘বাজারের জন্য এটি একটি ভালো সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বাজারে যাঁরা নিয়মিত লেনদেন করেন, তাঁরা লাভবান হবেন। নিয়মিত লেনদেনযোগ্য শেয়ারের সরবরাহ বাড়ার পাশাপাশি লেনদেনের পরিমাণও বাড়বে।’তবে বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় আদৌ তিন দিনে লেনদেন সম্পন্ন করা যাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।সিএসইর সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘এর ফলে আমাদের দক্ষতা বাড়বে। তবে তারল্যের পরিমাণ খুব বেশি বাড়বে না। যদি জেড ক্যাটাগরির শেয়ারের লেনদেন নিষ্পত্তির সময় কমানো হতো, তাহলে বাজারে টাকার সরবরাহ কিছুটা হলেও বাড়ত। কারণ, বর্তমানে কোনো বিনিয়োগকারী জেড ক্যাটাগরির শেয়ার কিনলে তাতে সর্বনিম্ন ১০ দিনের জন্য টাকা আটকে থাকে।’তিনি এ-ও জানান যে এই সিদ্ধান্ত কার্যকর করতে সিএসই প্রস্তুত রয়েছে।এদিকে এসইসির সভায় অনুমোদন পাওয়া জিবিবি পাওয়ার কোম্পানিটি আইপিওর মাধ্যমে দুই কোটি পাঁচ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ৮২ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৩০ টাকা অধিমূল্য (প্রিমিয়াম) যোগ করে শেয়ারের বিক্রয় মূল্য ধরা হয়েছে ৪০ টাকা। ২০১০ সালের সমাপ্ত বছরে এই কোম্পানির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল দুই টাকা ৮৩ পয়সা। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপক আইডিএলসি ফিন্যান্স।