সাতটি বিদ্যুৎকেন্দ্রের প্রস্তাব ক্রয় কমিটিতে অনুমোদন
৫৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সাতটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের স্পন্সর নির্বাচনের দরপ্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিদ্যুৎকেন্দ্রগুলোর বেশির ভাগই স্থাপিত হবে নির্মাণ, পরিচালনা ও মালিকানা (বিওও) ভিত্তিতে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে গতকাল রোববার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিদ্যুতের পাশাপাশি ২৫ হাজার টন চিনি আমদানির একটি এবং ১৭ লাখ টন জ্বালানি তেল আমদানির প্রিমিয়াম নির্ধারণের পাঁচটি দরপ্রস্তাবও অনুমোদন করে ক্রয় কমিটি। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নূরুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। প্রস্তাবিত সাতটি বিদ্যুৎকেন্দ্রের ক্ষমতা হচ্ছে: সিলেটের ফেঞ্চুগঞ্জে ১০০ থেকে ১৭০ মেগাওয়াট, কেরানীগঞ্জে ১৫০ মেগাওয়াট, মুন্সিগঞ্জের কমলাঘাটে ৫০ মেগাওয়াট, মানিকগঞ্জের সিঙ্গাইরে ৫০ মেগাওয়াট, ঢাকার নবাবগঞ্জের দৌলতপুরে ৫০ মেগাওয়াট, কিশোরগঞ্জের ভৈরবে ৫০ মেগাওয়াট ও সাতক্ষীরায় ৫০ মেগাওয়াট। ফেঞ্চুগঞ্জের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি যৌথভাবে বাস্তবায়ন করবে এসএমপিসি কুশিয়ারা ও জিবিপিএল। কমলাঘাট, দৌলতপুর ও সিঙ্গাইরের ফার্নেস অয়েলভিত্তিক তিনটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে যৌথভাবে কনসোর্টিয়াম অব পাওয়ার অব সামুদা ও এএসএম কেমিক্যাল। এসব কেন্দ্রে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে খরচ পড়বে ৬ দশমিক ৯৮ থেকে ৭ দশমিক ১৮ টাকা। কেরানীগঞ্জে ডুয়েল ফুয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে মোতিয়ারা পাওয়ার প্যাক কনসোর্টিয়াম লিমিটেড। এ কেন্দ্রে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে খরচ হবে ৮ দশমিক ৯৮ টাকা। মিসরের মিডল ইস্ট অয়েল রিফাইনারি থেকে তিন লাখ ৩০ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল (ডিজেল), কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন থেকে পাঁচ লাখ ৭০ হাজার টন গ্যাস অয়েল ও ৯০ হাজার টন জেট অয়েল আমদানির প্রিমিয়াম নির্ধারিত হয়। প্রতি ব্যারেলে প্রিমিয়াম ধরা হয়েছে ৪ দশমিক ৫ ডলার। সংযুক্ত আরব আমিরাত থেকে এক লাখ ৫০ হাজার টন গ্যাস অয়েল আমদানি করা হবে। প্রতি ব্যারেলের প্রিমিয়াম ধরা হয়েছে ৩ দশমিক ২৭ ডলার।ফিলিপাইন থেকে দুই লাখ ২৮ হাজার টন গ্যাস অয়েল ও ১০ হাজার টন জেট ফুয়েল, মালয়েশিয়ার পেট্রোনাস থেকে তিন লাখ টন গ্যাস অয়েল, ৩০ হাজার টন জেট ফুয়েল, ৩০ হাজার টন কেরোসিন আমদানির দরপ্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা কমিটি। এ ছাড়া ১৬৮ কোটি টাকা ব্যয়ে রিয়া ইন্টারন্যাশনালের মাধ্যমে আমদানি করা হবে ২৫ হাজার টন চিনি। প্রতি টন চিনির মূল্য ৫৭০ ডলার।