১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীর ঋণ তথ্য চেয়েছে এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে এক থেকে ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ আছে—এমন বিনিয়োগকারীর ঋণসংক্রান্ত তথ্য সংগ্রহ করছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।ঋণদাতা সওদাগরি বা মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসগুলোর কাছে এ সংক্রান্ত তথ্য চেয়ে গতকাল রোববার এসইসি চিঠি দিয়েছে। চিঠিতে গ্রাহকদের তথ্য প্রদানের জন্য একটি ছকও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।এসইসির সার্ভিল্যান্স বিভাগের সহকারী পরিচালক ওহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তিন কার্যদিবসের মধ্যে তথ্য জমা দিতে বলা হয়।এ ধরনের তথ্য চাওয়ার বিষয়ে যোগাযোগ করা হলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনেই এসব তথ্য চাওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা ইচ্ছে করলে এ ধরনের তথ্য চাইতেই পারে।’জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে গত বুধবার অনুষ্ঠিত বৈঠকে ঋণগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঋণের সুদ মওকুফ এবং তাঁদের ক্ষতি পুষিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা হয়। এসইসির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে এ ধরনের লিখিত সুপারিশও করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য এসব তথ্য সংগ্রহ করা হতে পারে।এসইসির ছকে, চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত এক থেকে ১০ লাখ টাকা বিনিয়োগ আছে এমন বিনিয়োগকারীর সংখ্যা, তাঁদের নিজস্ব বিনিয়োগ ও ঋণের পরিমাণ এবং একই সময়ে তাঁদের পত্রকোষের (পোর্টফোলিও) মূল্যমানের তথ্য চাওয়া হয়েছে। এ ছাড়া গত জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত উল্লিখিত বিনিয়োগকারীদের মোট সুদের পরিমাণও জানতে চাওয়া হয়েছে।