আকিজবশির গ্রুপে ফিরে যাচ্ছেন শেখ বশিরউদ্দীন

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শেখ বশিরউদ্দীন তাঁর স্ত্রী ইফসিয়া মাহিনকে নিয়ে উপস্থিত ছিলেন। আজ বাণিজ্য মন্ত্রণালয়েছবি: বাণিজ্য মন্ত্রণালয়ের সৌজন্যে

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নিজের ব্যবসা আকিজবশির গ্রুপে ফিরে যাচ্ছেন। তিনি এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দেবেন। কাল মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পর স্বয়ংক্রিয়ভাবে ইতি ঘটবে অন্য সব উপদেষ্টার মতো শেখ বশিরউদ্দীনের দায়িত্বও। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয় আজ সোমবার বাণিজ্য উপদেষ্টার বিদায় সংবর্ধনার আয়োজন করে। এ অনুষ্ঠানে শেখ বশিরউদ্দীন তাঁর স্ত্রী ইফসিয়া মাহিনকে নিয়ে উপস্থিত ছিলেন।

বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে একই মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান ও আয়েশা আক্তার, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেজবাহ উদ্দিন আহমেদ এবং প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান স্মৃতিচারণা করে বক্তব্য দেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনো আপস করিনি, কখনো করবও না। বাংলাদেশের জন্য কাজ করেছি, আমাদের সন্তানদের জন্য কাজ করেছি। এ কাজে মন্ত্রণালয়ের সব উইং ও দপ্তর সংস্থা সমষ্টিগতভাবে কাজ করতে পেরেছি—এ সুখস্মৃতি নিয়ে আমি এখান থেকে আমার কাজে ফিরে যেতে পারছি।’

সরকারি চাকরিজীবীদের উদ্দেশে শেখ বশিরউদ্দীন বলেন, ‘আপনাদের সম্পর্কে অসম্ভব খারাপ ধারণা নিয়ে এসেছিলাম। আজ আমি কৃতজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি। আমি মনে করি, আপনারা দেশের সম্পদ। সঠিক নেতৃত্ব থাকলে আপনারা যে কাজ করতে পারেন, তা আপনারা দেখিয়েছেন।’

২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থান আমাদের যে পরিবর্তন এনে দিয়েছে, তা সরকারি চাকরিজীবীদের আচরণে আসতে হবে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। তাঁদের উদ্দেশে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘কেউ অন্যায্য কাজ করাতে চাইলে আপনাদের বলতে হবে যে এটা সম্ভব না। অথবা বিনয়ের সঙ্গে বলতে হবে, এভাবে কাজটা হওয়া উচিত।’

শেখ বশিরউদ্দীন বলেন, ‘আমি নিশ্চিত যে কাল ১৭ ফেব্রুয়ারি নতুন নেতৃত্ব আসার দিনটি হবে বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য উদ্‌যাপনের। নতুন মন্ত্রীকে দয়া করে সহায়তা করবেন। তাঁর সঙ্গে দ্বিমত পোষণ করতে চাইলে দয়া করে করুন, কিন্তু তাঁকে তা বলুন।’

শেখ বশিরউদ্দীন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টার দায়িত্বে আসেন ২০২৪ সালের ১০ নভেম্বর। সেদিনই তিনি আকিজবশির গ্রুপের এমডির পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন। ২০২৫ সালের ১৫ এপ্রিল দুই মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও দেওয়া হয় তাঁকে। ২০২৫ সালের ২৭ আগস্ট তাঁকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।

আকিজবশির গ্রুপের অধীনে রয়েছে সিরামিকস, স্যানিটারি ও বাথওয়্যার, টেবিলওয়্যার, পার্টিকেল বোর্ড, পাট, স্টিল, চা-সহ নানা ধরনের ব্যবসা।