কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের কাজ কেড়ে নেবে কি না, তা নিয়ে বিস্তর তর্কবিতর্ক আছে। তবে যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী ও খ্যাপাটে মানুষখ্যাত ইলন মাস্ক মনে করেন, এআই এমন পর্যায়ে যাবে, যখন কোনো চাকরির প্রয়োজনীয়তা থাকবে না। সম্প্রতি এক জরিপে মাস্কের কথার সত্যতা মিলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।
রেজ্যুমবিল্ডার্স নামের এক এআই কোম্পানি থেকে সেবা নেওয়া ৭৫০ জন ব্যবসায়ী নেতার মধ্যে ৩৭ শতাংশ বলেছেন, ২০২৩ সালে বহু মানুষকে চাকরিচ্যুত করেছে এআই। ৪৪ শতাংশ বলেছেন, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে এআইয়ের উন্নতি হওয়ার কারণে আরও অনেক মানুষের কাজ যাবে।
এআইয়ের কারণে চাকরিচ্যুতির নজির থাকলেও অনেক বিশেষজ্ঞ অবশ্য ইলন মাস্কের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত পোষণ করেন না।
রেজ্যুমবিল্ডার্সের রেজ্যুম ও ক্যারিয়ারবিষয়ক কৌশলবিদ জুলিয়া টুথকেয়ার জানান, ওই জরিপে যে চিত্র উঠে এসেছে, তা সামগ্রিকভাবে ব্যবসায়িক পরিবেশের চিত্র না–ও হতে পারে। কারণ হিসেবে তিনি বলেন, অনেক ছোট ও ঐতিহ্যবাহী ব্যবসাপ্রতিষ্ঠান বড় প্রতিষ্ঠানগুলোর মতো প্রযুক্তি গ্রহণে বড়দের মতো অগ্রসর নয়।
লোক ছাঁটাই করা ব্যবসা-বাণিজ্য বা কর্মজগতের একধরনের বাস্তবতা। মানুষ যে ধরনের কাজ করে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা তার সংজ্ঞা বদলে দিচ্ছে।
সফটওয়্যার কোম্পানি আসানার প্রধান পণ্য কর্মকর্তা অ্যালেক্স হুড বলেন, ‘আমরা কাজের জগতে যে সময় ব্যয় করি তার অর্ধেক সময় কাজের জন্য কাজ। অর্থাৎ তিনি বলছেন, ‘কর্মঘণ্টার অর্ধেক সময় আমরা স্ট্যাটাস হালনাগাদ বা আন্তবিভাগীয় যোগাযোগে ব্যয় করি, যেগুলো আমাদের মূল কাজ নয়। এসব কাজ যদি এআই দিয়ে করানো সম্ভব হয়, তাহলে নতুন কিছুর উন্মোচন হতে পারে।’
এআইয়ের কারণে মানুষের কাজ কমছে ঠিক। কিন্তু হুড বলছেন, এই পরিসংখ্যানের ব্যঞ্জনা না বুঝে কেবল সংখ্যা নিয়ে কচকচি করা হলে কেবল ভীতি ছড়াবে, বাস্তবতা বোঝা যাবে না।
লেট রেজ্যুম অ্যান্ড ল্যাডার্সের প্রতিষ্ঠাতা মার্ক সেনেডেলা বলেন, এআই দৈনন্দিন কাজ করে দিলে মানুষের পক্ষে আরও উন্নত কাজ করার সম্ভাবনা সৃষ্টি হবে। বিষয়টির সঙ্গে তিনি ১৯৫০-এর দশকের কর্মসংস্কৃতির তুলনা করেন, যখন কার্যালয়ের অর্ধেক স্থান জুড়ে থাকতেন কেবল টাইপিস্টরা, কিন্তু এরপর দক্ষ ওয়ার্ড প্রসেসর চলে আসার পর সেই দৃশ্য আর দেখা যায় না।
‘আসানা স্টেট অব এআই অ্যাট ওয়ার্ক ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে জানা যায়, ২৯ শতাংশ কর্মী জানান, তাঁরা যে ধরনের কাজ করেন, তা এআই দিয়ে করানো সম্ভব। তবে আসানা হিউম্যান সেন্টারড এআই বা মনুষ্যকেন্দ্রিক এআই তত্ত্বের প্রবক্তা। এই তত্ত্বের উদ্দেশ্য হলো, মানুষের সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তির সঙ্গে কোলাবরেশন বা সহযোগিতা তৈরি, মানুষকে সরাসরি বাতিল করে দেওয়া নয়। প্রতিবেদনে বলা হয়েছে, মনুষ্যকেন্দ্রিক এআই সম্পর্কে মানুষ যত বুঝবে, ততই তারা বিশ্বাস করবে যে তাদের কাজের জগতে এর ইতিবাচক প্রভাব পড়বে।
জাতিসংঘের তথ্য অনুসারে পৃথিবীতে যত মানুষ কাজ করছেন, এর মধ্যে ১৯ দশমিক ৬ থেকে ৩০ দশমিক ৪ শতাংশ কর্মী করণিকের কাজ করেন বা যাঁদের বলা হয় হোয়াইট কালার এমপ্লয়ি, অর্থাৎ যাঁদের কাজ কার্যালয়ভিত্তিক। যোগাযোগ ও বিশ্লেষণী যন্ত্র বিগত বছরগুলোতে জ্ঞানের ধারা বদলে দিয়েছে। আসানার প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেটিভ এআইকে সেই ধারার নতুন সংযোজন হিসেবে বিবেচনা করা উচিত।
কিন্তু ২০২২ সাল পর্যন্ত বিশ্বের ৩৪ শতাংশ মানুষের ইন্টারনেট সংযোগ ছিল না। সে কারণে এআইয়ের প্রভাব নিয়ে আলোচনা করার ক্ষেত্রে প্রযুক্তি জগতের এই বৈষম্যবিষয়ক আলোচনা অন্তর্ভুক্ত করা উচিত, অর্থাৎ এখনো বহু মানুষ ইন্টারনেটের বাইরে থেকে যাচ্ছে এবং এই বাস্তবতা যে বৈষম্য তৈরি করছে, সেটি আমলে নেওয়া উচিত।
এই বাস্তবতায় চাকরি বাঁচাতে কী করা উচিত। মার্ক সিনেট এলে বলেন, আধুনিক যুগের কর্মীদের উচিত নতুন নতুন দক্ষতা রপ্ত করা। বিষয়টি হলো, আজ থেকে পাঁচ বছর আগে কর্মীরা কোনো সফটওয়্যারের ব্যবহার শিখে থাকলে ভালো, কিন্তু সেটাই যথেষ্ট নয়। এখন নতুন সফটওয়্যার শিখতে হবে।
গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজ এআইভিত্তিক হয়ে যাচ্ছে ঠিক। কিন্তু সেই এআই চালানোর জন্য কিছু মানুষ প্রয়োজন হবে। যে তথ্য পাওয়া যাবে, তার বোধগম্য ব্যাখ্যা ও বিশ্লেষণ হাজির করতে হবে।
টুথকেয়ার বলেন, ‘আমার পরামর্শ হচ্ছে, এআই আপনার শিল্পে কী প্রভাব ফেলবে, তার স্বরূপ বোঝা। সেটা হলে আপনি অন্তত এটা বুঝতে পারবেন যে কী করতে হবে, সে সম্পর্কে কোনো ধারণা না থাকার চেয়ে সেটা ভালো।’