৯৭% পরিবারে মুঠোফোন আছে
মুঠোফোন এখন আমাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে গেছে। আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলতে মুঠোফোন প্রয়োজন। আবার ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগমাধ্যম চালাতেও মুঠোফোন সহজ উপায়। বিদেশে থাকা আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগের মাধ্যমও এই মুঠোফোন। এ ছাড়া কেনাকাটা করতে কিংবা কাউকে টাকা পাঠাতে বিকাশ ও নগদের মতো মুঠোফোনে আর্থিক সেবা (এমএফএস) এখন মানুষের হাতে হাতে। গত এক দশকে মুঠোফোনের এমন বহুমুখী ব্যবহার বেড়েছে কয়েক গুণ। তাই মুঠোফোন এখন আর শুধু কথা বলার যন্ত্র নয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে এক জরিপেও এ চিত্র উঠে এসেছে। বিবিএসের হিসাব অনুযায়ী, দেশের ৯৭ শতাংশ পরিবারের সদস্যরা মুঠোফোন ব্যবহার করেন। সাড়ে ৯৬ শতাংশ পরিবারে অন্তত একটি মুঠোফোন আছে। সবচেয়ে বেশি মুঠোফোন ব্যবহার করেন ঢাকা ও সিলেট বিভাগের মানুষ আর দুটি বিভাগের ৯৮ শতাংশের বেশি পরিবারের কোনো না কোনো সদস্যের হাতে মুঠোফোন আছে।
সম্প্রতি ৩০ হাজার ৮১৬টি পরিবারের ওপর এই জরিপ করেছে বিবিএস। চলতি মাসে জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে।
১০ বছর আগে ২০১৩ সালে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে করা আগের জরিপ অনুযায়ী ওই সময়ে ৮৭ শতাংশ পরিবারে মুঠোফোন ছিল। এই হিসাবের তুলনায় গত ১০ বছরে পরিবারে মুঠোফোনের ব্যবহার বেড়েছে ১০ শতাংশ।
লার্ন এশিয়ার সিনিয়র পলিসি ফেলো ও টেলিকম বিশেষজ্ঞ আবু সাইদ খান প্রথম আলোকে এ প্রসঙ্গে বলেন, অবশ্যই গত এক দশকে মুঠোফোনের ব্যবহার বেড়েছে। এখন বিপুলসংখ্যক শ্রমিকশ্রেণির মানুষ শহরে আছেন, তাঁদের পরিবার-পরিজন গ্রামে থাকেন। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যম হলো মুঠোফোন। কথা বলা এখনো মুঠোফোন ব্যবহার বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। এ ছাড়া মুঠোফোনে টাকা পাঠানোর সুযোগ আরও বেড়েছে, যার কারণে এর ব্যবহার বেড়েছে। বিনোদনের জন্য বেশির ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন।
এবার দেখে নেওয়া যাক, দেশের কত মানুষের নিজের মোবাইল ফোন আছে। বিবিএস বলছে, ৬১ শতাংশ মানুষের হাতে ফিচার ফোন বা স্মার্টফোন আছে। পুরুষদের মধ্যে গড়ে প্রতি চারজনে তিনজনের নিজের মুঠোফোন আছে। আর নারীদের মধ্যে অর্ধেক বা ৫২ শতাংশ নিজের ফোন ব্যবহার করেন। তবে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মধ্যেও মুঠোফোন ব্যবহার তুলনামূলক ভালো। তাঁদের ৬৪ শতাংশের নিজস্ব ফোন আছে। তবে সার্বিকভাবে এক-চতুর্থাংশ বা ২৭ শতাংশ নারী-পুরুষ স্মার্টফোন ব্যবহার করেন।
করোনার কারণে ফিচার ফোনের পাশাপাশি স্মার্টফোন ব্যবহার বেড়েছে। ১৫ থেকে ৬৪ বছর বয়সী মানুষের মধ্যে ৯৯ দশমিক ৩ শতাংশ কোনো না কোনোভাবে মুঠোফোন ব্যবহার করেন।