প্রবাসী আয়ে সুখবর, জানুয়ারিতে এল ১৯৬ কোটি ডলার

গত জানুয়ারিতে ১৯৬ কোটি ডলারের আয় দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এ আয় গত বছরের জানুয়ারির তুলনায় ১৪ দশমিক ৯১ শতাংশ বেশি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডলার
ছবি: সংগৃহীত

ডলার-সংকটের কারণে যখন নিত্যপণ্য আমদানি কঠিন হয়ে পড়েছে, ঠিক তখন সুখবর এল প্রবাসী আয়ে। গত জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলারের আয় দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এ আয় গত বছরের জানুয়ারির তুলনায় ১৪ দশমিক ৯১ শতাংশ বেশি। গত বছরের জানুয়ারিতে এসেছিল ১৭০ কোটি ৪৫ লাখ ডলারের প্রবাসী আয়।

ব্যাংক কর্মকর্তারা জানান, ডলার-সংকটের কারণে অনেক আমদানি দায় পরিশোধ পিছিয়ে দেওয়া হচ্ছে। এ জন্য বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে প্রবাসী আয়ের ডলার কেনা হচ্ছে। এর ফলে প্রবাসী আয় বেড়েছে। ডলারের দামের সীমা তুলে দিলে সংকট অনেকটা কেটে যাবে। তখন প্রবাসী আয় আরও বাড়বে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ায় আমদানির খরচ ব্যাপকভাবে বেড়ে যায়। এতে ব্যাংক ও খোলাবাজারে ডলার–সংকট তৈরি হয়, দামও দ্রুত বাড়তে থাকে। একপর্যায়ে খোলাবাজারে ডলারের দাম ১২০ টাকা ছাড়িয়ে যায়।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে দুশ্চিন্তা বাড়তে থাকে। বছরের শেষ দিকে সেটিকে আরও উসকে দিচ্ছিল প্রবাসী ও পণ্য রপ্তানি আয়ের নিম্নগতি। কারণ, বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান দুটি উৎস থেকে টানা দুই মাস (সেপ্টেম্বর ও অক্টোবর) আয় কমে গেছে। তবে নভেম্বর থেকে ঘুরে দাঁড়ায় পণ্য রপ্তানি ও প্রবাসী আয়।

চলতি অর্থবছরের প্রথম দুই মাস (জুলাই–আগস্ট) ২০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় বৈধ পথে পাঠান প্রবাসীরা। তবে গত সেপ্টেম্বরে প্রবাসী আয় সাড়ে ১০ শতাংশ কমে যায়। অক্টোবরেও প্রবাসী আয় আসা ৭ দশমিক ৩৭ শতাংশ কমে।

বছরের মাঝামাঝি সময়ে ডলার–সংকট বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে গত ১১ সেপ্টেম্বর থেকে বেসরকারি খাতের রপ্তানি, আমদানি ও প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ করছে ব্যাংকগুলোর সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রার ডিলারদের সংগঠন বাফেদা। প্রবাসী আয়ে এখন প্রতি ডলারের বিপরীতে মিলছে ১০৭ টাকা।

মূলত ডলারের দাম বেঁধে দেওয়ার কারণে সেপ্টেম্বর ও অক্টোবরে প্রবাসী আয় কমে যায়। যদিও প্রবাসীদের পাঠানো আয় নভেম্বর থেকে বাড়তে থাকে। নভেম্বরে প্রবাসী আয়ে ২ দশমিক ৫৮ শতাংশ আর ডিসেম্বরে প্রবৃদ্ধি হয় ৪ দশমিক ২৯ শতাংশ। সেই হিসেবে গত মাসে প্রবাসী আয়ে ভালো অর্থাৎ প্রায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

জানতে চাইলে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগের কারণে বৈধ পথে প্রবাসী আয় আসা বাড়ছে। এখন কেউ চাইলেও দাম কম বা বেশি দেখিয়ে পণ্য আমদানি করতে পারছে না। তাতে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো কমে গেছে।

বর্তমানে প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম ১০৭ টাকা আর রপ্তানি আয়ে দাম ১০৩ টাকা। সেই হিসাবে প্রবাসী ও রপ্তানি আয়ের গড় দাঁড়ায় ১০৫ টাকা। এ গড়ের সঙ্গে ৫০ পয়সা যোগ করে ১০৫ টাকা ৫০ পয়সা হবে আমদানির ক্ষেত্রে প্রতি ডলারের দাম। আর কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে ১০২ টাকা দামে।

ডলার-সংকট কাটাতে বৈদেশিক মুদ্রার মজুত থেকে প্রতিনিয়ত ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন রিজার্ভ কমে হয়েছে ৩ হাজার ২০০ কোটি ডলার। ২০২১ সালের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪ হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়ে গিয়েছিল।