গরুর মাংস আমদানির অনুমতি চান রেস্তোরাঁ মালিকেরা
দাম নিয়ন্ত্রণে আনতে গরুর মাংস আমদানির অনুমতি চেয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। নিত্যপণ্যের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও সরকারের প্রতি দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
আজ শনিবার রাজধানীতে পুলিশ কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান রেস্তোরাঁ ব্যবসায়ীরা। সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় হোটেল-রেস্তোরাঁয় ৩০ শতাংশ বিক্রি কমেছে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব ইমরান হাসান বলেন, সংকটে থাকা রেস্তোরাঁ খাতের অনেক প্রতিষ্ঠান ব্যবসায় টিকতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে। দেশে মাংসের দাম নিয়ন্ত্রণে নেই। প্রতিবেশী সব দেশ থেকে গরুর মাংসের দাম বাংলাদেশে বেশি। গরুর মাংস আমদানির অনুমতি দেওয়া হোক।
এ ছাড়া এই খাতের জন্য করছাড়সহ নানা ক্ষেত্রে সরকারের সহযোগিতা চান তিনি।
যেসব অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা। একই সঙ্গে মাছ, ব্রয়লার মুরগি ও গরুর মাংসসহ সব ধরনের পণ্যের মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের অভিযানের নামে রেস্তোরাঁ ব্যবসায়ীদের হয়রানি না করারও আহ্বান জানিয়ে ব্যবসায়ীরা বলেন, ট্যাক্স-ভ্যাটের নামে মাঠপর্যায়ে হয়রানি বন্ধ করতে হবে। অভিযানের নামে বিভিন্ন সংস্থা যাতে হয়রানি না করে, তা খেয়াল রাখতে হবে। সিটি করপোরেশন থেকেও অভিযানের নামে হয়রানি করা হচ্ছে। এসব বন্ধ করতে হবে।
ব্যবসায়ীরা আরও বলেন, টিকতে না পারা রেস্তোরাঁগুলো সরকারের তেমন কোনো সহযোগিতা পাচ্ছে না। ব্রয়লার মুরগির দাম আবার বেড়েছে এবং সিন্ডিকেট করে এই দাম বাড়ানো হচ্ছে। বাজারকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে না পারলে ব্যবসা করা আরও কঠিন হয়ে উঠবে।
এদিন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাও অনুষ্ঠিত হয়েছে।