উদ্বেগ জলবায়ু পরিবর্তন ও ব্যাংক নিয়ে
সকাল থেকেই বৃষ্টি। সম্মেলনকেন্দ্রে গিয়ে দেখা গেল সেটি অনেকটাই ফাঁকা। অর্থাৎ বিদায়ের সুর সকাল থেকেই। শুক্রবার ছিল এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) চার দিনের ৫৬তম বার্ষিক এই সম্মেলনের শেষ দিন। এবারের সম্মেলনে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলা ও অর্থনীতির বর্তমান অনিশ্চয়তা নিয়ে। এ ক্ষেত্রে নতুন উদ্বেগ হিসেবে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ব্যাংক খাতের সংকট। এ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এশীয় অর্থনীতির নীতিনির্ধারকেরা। দক্ষিণ কোরিয়ার ইঞ্চনে এডিবির এই সম্মেলন শুরু হয়েছিল ২ মে।
বাংলাদেশের সাত প্রস্তাব
এডিবির সদস্যদেশগুলোর পক্ষ থেকে তাদের প্রতিনিধিদলের প্রধানেরা বক্তব্য দিয়েছিলেন গত বৃহস্পতিবার। বাংলাদেশ দলের নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান। শুক্রবার এডিবির ওয়েবসাইটে তাঁর লিখিত বক্তব্য পাওয়া গেল।
বক্তব্যে শরিফা খান বলেছেন, বর্তমান ভূরাজনৈতিক কারণে বেশির ভাগ দেশ নজিরবিহীন খাদ্য, জ্বালানি, সার এবং আর্থিক সংকটে পড়ে আছে। বিশেষ করে নিম্ন অভ্যন্তরীণ সম্পদ আহরণ, অল্প কয়েকটি পণ্যনির্ভর রপ্তানি আয়, কাঁচামাল ও খাদ্য আমদানির ওপর অতিরিক্ত নির্ভরশীল এবং জলবায়ু পরিবর্তনজনিত সংকটে থাকা দেশগুলোর দরিদ্র জনগোষ্ঠী বেশি সমস্যায় পড়ে গেছে। এ অবস্থায় টানেলের শেষে কোনো আশার আলো দেখা যাচ্ছে না। দৈনন্দিন জীবনযাত্রায় অনিশ্চয়তা ও উদ্বেগ ভর করেছে।
শরিফা খান এ নিয়ে বলেছেন, বৈদেশিক মুদ্রার মজুত কমে যাওয়ায় বাধ্য হয়ে কৃচ্ছ্রসাধন পদক্ষেপ নিতে হয়েছে। উপকরণের দাম বেড়ে যাওয়ায় অনেক ঠিকাদার প্রকল্প বাস্তবায়নে অনিচ্ছা দেখাচ্ছেন। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় রপ্তানি প্রবৃদ্ধি কমে যাচ্ছে। সর্বোপরি উচ্চ মূল্যস্ফীতি দরিদ্র মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে। আবার হতাশজনক ঘটনা হচ্ছে, বেশির ভাগ উন্নয়ন অংশীদার তাদের ঋণের সুদহার বাড়িয়ে দিয়েছে।
এ অবস্থায় বাংলাদেশ এডিবিকে অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার উল্লেখ করে সাতটি প্রস্তাব দিয়েছে। যেমন: এক. একটি মসৃণ সরবরাহব্যবস্থা গড়ে তুলতে হবে, বিশেষ করে খাদ্য ও জ্বালানি খাতে। দুই. তাৎক্ষণিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নীতিসহায়তা ও সহজ শর্তে ঋণ দিতে হবে। তিন. জলবায়ু তহবিলের ঋণ হতে হবে সহজ শর্তের ও এর প্রক্রিয়া থাকতে হবে সহজ এবং প্রয়োজনভিত্তিক। চার. জৈব জ্বালানি সরবরাহ থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য অতিরিক্ত ঋণ সুবিধা এবং প্রয়োজনীয় প্রযুক্তির ব্যবস্থা করতে হবে। পাঁচ. অবকাঠামো উন্নয়ন ও আঞ্চলিক সংযোগ বাড়াতে সরকারের জন্য ঋণসহায়তা অব্যাহত রাখতে হবে। ছয়. চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও শিল্পের ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী দক্ষতা বৃদ্ধিতে সহায়তা ও সমর্থন দিতে হবে। সাত. শিল্পের প্রবৃদ্ধি ও বিনিয়োগকে বাধাগ্রস্ত না করেই অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধির লক্ষ্যে সংস্কার কর্মসূচিতে সহায়তা দিতে হবে।
বেশি উদ্বেগ জলবায়ু পরিবর্তন নিয়ে
বিশ্বে ক্ষতিকারক কার্বন নিঃসরণের ৫০ শতাংশই হয় এশিয়া-প্যাসিফিক অঞ্চলে। আবার এই এশিয়াই জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল। এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া জানিয়েছেন, ২০০০ সালের পর থেকে জলবায়ু পরিবর্তনজনিত যত বিপর্যয় হয়েছে, তার ৪০ শতাংশই ঘটেছে এশিয়া ও প্যাসিফিকে। এতে ৩৫০ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে প্রায় ১০ লাখ মানুষ। শুধু ২০২২ সালেই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এ অঞ্চলে ক্ষতির পরিমাণ ছিল ৬ হাজার ৭০০ কোটি ডলার।
এডিবির হিসাবে, জলবায়ু পরিবর্তনকে সমন্বয় করে যে অবকাঠামো নির্মাণ করতে হবে, তাতে কেবল দক্ষিণ-পূর্ব এশিয়ারই প্রয়োজন হবে ৩ দশমিক ১ ট্রিলিয়ন ডলার। ১০০ বিলিয়নে ১ ট্রিলিয়ন, আর ১০০ কোটিতে ১ বিলিয়ন।
এডিবিও জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর জন্য ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার ঋণ দেওয়ার মতো একটি তহবিল গঠন করার উদ্যোগ নিয়েছে তারা। এবারের সম্মেলনেই উদ্ভাবনী অর্থায়ন সুবিধা (ইনোভেটিভ ফাইন্যান্স ফ্যাসিলিটি ফর ক্লাইমেট ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক বা আইএফ-সিএপি) নামে নতুন এক ঋণ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এডিবির প্রেসিডেন্ট।
অংশগ্রহণকারী প্রায় সব দেশ এডিবির উদ্যোগকে স্বাগত জানিয়ে এই ঋণের প্রক্রিয়া সহজ করতে বলেছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলায় এডিবি যে নতুন ঋণ কর্মসূচি ঘোষণা করেছে, সেটাকে স্বাগত জানাই। ভারতেরও লক্ষ্য হচ্ছে, ২০৭০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে (নেট-জিরো) নামিয়ে আনা।’
উদ্বেগ আছে ব্যাংক খাত নিয়েও
সম্মেলনে জাপানের অর্থমন্ত্রী শুনিচি সুজুকি আর্থিক খাতের নতুন সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণ আরও দীর্ঘ হলে, উন্নয়নশীল দেশগুলোর দেনা বাড়তে থাকলে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের ব্যাংকিং খাতের টলায়মান অবস্থা বজায় থাকলে অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে।
ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী শ্রী মুলায়ানী ইন্দ্রবতীও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের ব্যাংক খাতের সাম্প্রতিক ব্যর্থতা বিশ্ব অর্থনীতিতে নতুন করে ঝুঁকি তৈরি করেছে এবং বৈশ্বিক আর্থিক খাতকে টালমাটাল করে দিচ্ছে।
কেমন করছে চীন
সম্মেলনজুড়ে অন্যতম আলোচনার বিষয় ছিল চীনের অর্থনীতি। শূন্য কোভিড নীতির কারণে বিশ্ব অর্থনীতিতে চীনের অংশগ্রহণ তেমন ছিল না। কিন্তু এখন সেই নীতি থেকে সরে এসেছে চীন। দেশটির সীমান্ত খুলে দেওয়া হয়েছে। এ অবস্থায় বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে চীনের প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ নিয়ে মূল অধিবেশনে কথা বলেছেন দেশটির উপ–অর্থমন্ত্রী ওয়াং ডংওয়েই। তিনি বলেন, প্রথম প্রান্তিকে চীনের অর্থনীতির শুরুটা ছিল ভালো। মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়েছে সাড়ে ৪ শতাংশ হারে। উৎপাদন ও চাহিদা বেড়েছে, কর্মসংস্থান ও মূল্যস্ফীতি স্থিতিশীল অবস্থায় আছে। মানুষের আয় বেড়েছে, বাজারের আস্থাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ থেকে প্রমাণ হয় যে চীনের অর্থনীতি ভালো অবস্থায় আছে, যা বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি বাড়াতে একটি স্থিতিশীল ভূমিকা রাখতে পারবে।
সম্মেলনের তৃতীয় দিনে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। তিনি বলেছেন, বিশ্ব অর্থনীতির মানচিত্র যেভাবে বদলে যাচ্ছে, তা এশিয়ার অর্থনীতির ওপর কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়। তবে মধ্য মেয়াদে চীনের উৎপাদনশীলতা ও বিনিয়োগের গতি শ্লথ হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। এর ফলে ২০২৮ সাল নাগাদ প্রবৃদ্ধি ৪ শতাংশের নিচে নেমে যাবে। এতে এশিয়ার অন্য দেশগুলো সমস্যায় পড়বে, কেননা চীনের সঙ্গে তাদের শক্ত বাণিজ্য সংযোগ রয়েছে।
এর পাশাপাশি বর্তমানে বড় ঝুঁকি হচ্ছে, বিশ্ব অর্থনীতি এখন বিভিন্ন বাণিজ্য ব্লকে বিভক্ত হয়ে পড়েছে। এতেও সমস্যায় বেশি পড়বে এশিয়ার অর্থনীতিই। কারণ, এশিয়ার রপ্তানির বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। এ অবস্থায় এশিয়ার দেশগুলোকে অবশ্যই কাঠামোগত সংস্কার করতে হবে।
ভালো অবস্থানে ভিয়েতনাম
পোশাক খাতে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী এখন ভিয়েতনাম। এশিয়ার মধ্যে ভালো অবস্থানে আছে তারা। দেশটির প্রতিনিধিদলের প্রধান পাম তিয়েন ডাং জানিয়েছেন, ২০২২ সালে তাঁদের প্রবৃদ্ধি হয়েছিল ৮ দশমিক শূন্য ২ শতাংশ, যা গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। যদিও গত অর্থবছরে সরকারের প্রবৃদ্ধির লক্ষ্য ছিল ৬ থেকে সাড়ে ৬ শতাংশ। দেশটিতে মূল্যস্ফীতির হার এখন ৩ দশমিক ১৫ শতাংশ, যা ৪ শতাংশ লক্ষ্যমাত্রার কম। তাই মূল্যস্ফীতি কমাতে বিশ্বব্যাপী সুদহার কমানোর যে আগ্রাসী নীতি চলছে, তারা তাতে অংশ নেয়নি; বরং ব্যবসায়ীদের সহায়তা দিতে চলতি ২০২৩ সালে দুবার সুদের হার কমিয়েছে তারা।
শেষ হলো এডিবি সম্মেলন
শেষ দিনের বিশেষ কর্মসূচি ছিল দুটি। এর মধ্যে একটি হচ্ছে, সিএনবিসি বিতর্ক। বিষয় হলো, কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে কী করতে হবে। বার্তা সংস্থা সিএনবিসি আয়োজিত এই বিতর্কে মূলত বেসরকারি খাতের উদ্যোক্তারা অংশ নেন। আর সবশেষে ছিল জর্জিয়ার সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশটির রাজধানী টিবিলিসিতে হবে এডিবির পরবর্তী বার্ষিক সম্মেলন। সেই আনুষ্ঠানিকতার অংশ হিসেবেই অনুষ্ঠানে জর্জিয়ার স্থানীয় গান গাইলেন শিল্পীরা। এর মাধ্যমেই শেষ হল এডিবির ৫৬তম সম্মেলন।