শিশুদের জন্য খাদ্যপণ্যের ব্যবসা চালু করেছেন মিশেল ওবামা
যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা শিশুদের জন্য স্বাস্থ্যকর খাবার ও পানীয় তৈরির একটি কোম্পানি চালু করার কথা ঘোষণা করেছেন। এই কোম্পানিতে তিনি একজন সহপ্রতিষ্ঠাতা। শিশুদের বাবা–মায়েরা এই কোম্পানি থেকে ‘স্বাস্থ্যসম্মত, চমৎকার স্বাদের পণ্য’ কিনতে পারবেন বলে জানানো হয়েছে।
সিএনএন জানায়, বুধবার মিশেল ওবামা ওয়াল স্ট্রিট জার্নালের ফিউচার এভরিথিং ফেস্টিভ্যালে বক্তৃতা করার সময় বলেন, ‘এ বিষয়ে আপনি যদি কোনো পরিবর্তন আনতে চান, তাহলে আমি আমার নিজের অভিজ্ঞতায় বলব যে আপনি বাইরে থেকে তা করতে পারবেন না।’
মিশেল ওবামা বলেন, ‘আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে এমন একটি কোম্পানি কাজ শুরু করেছে, যেটি শুধু ভালো পণ্য তৈরি করবে না, বরং পুরো খাদ্যশিল্পকে বদলে দেওয়ার জন্য এটি একধরনের প্রতিযোগিতাও করবে।’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল জানিয়েছেন, তাঁর কোম্পানির নাম প্লেজি নিউট্রিশন। তাদের প্রথম পণ্যের নাম প্লেজি। পণ্যটি হলো বাচ্চাদের জন্য তৈরি ফলের রস। বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয়, এমন ফলের রসের তুলনায় এতে চিনির পরিমাণ ৭৫ শতাংশ কম।
বেশির ভাগ বড় বড় খুচরা দোকানে প্লেজি বিক্রি হয়। কোম্পানিটি আগামী কয়েক বছরের মধ্যে বেশ কিছু ধরনের স্ন্যাকস ও পানীয় পণ্য বাজারে ছাড়ার পরিকল্পনা করছে। কোম্পানিটির একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব পণ্যের লক্ষ্য হবে ‘কম চিনি এবং কম মিষ্টি ব্যবহার করা, যাতে শিশুদের মধ্যে মিষ্টি খাওয়ার আগ্রহ কমে আসে।’
প্লেজি নিউট্রিশন একটি ‘পাবলিক বেনিফিট কোম্পানি’ হিসেবে কাজ করবে। কোম্পানিতে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার পদ হলো সহপ্রতিষ্ঠাতা এবং ‘কৌশলগত অংশীদার’। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কোম্পানির মিশন হবে শিশুদের জন্য কীভাবে খাদ্য ও পানীয় তৈরি করা হবে, তার একটি উঁচু মান প্রতিষ্ঠা করা।
ফার্স্ট লেডি থাকা অবস্থায় মিশেল ওবামা ‘লেটস মুভ’ শীর্ষক একটি প্রচারণা শুরু করেছিলেন। এর লক্ষ্য ছিল, শিশুদের মধ্যে স্থূলতা কমানো। এই প্রচারণার সবচেয়ে বড় সাফল্য ছিল ২০১০ সালে ‘স্বাস্থ্যকর, ক্ষুধামুক্ত শিশু আইন’ পাস করা। এই আইনের আওতায় ঠিক করা হয়েছে বিদ্যালয়ে দুপুরে খাবারে পুষ্টির মান কেমন হবে।
তবে লেটস মুভ প্রচারণাকে রিপাবলিকান, খাদ্য কোম্পানি ও স্কুলের দুপুরের খাবার সম্পর্কে বিশেষজ্ঞদের সমালোচনা মুখোমুখি হতে হয়। তবে সবচেয়ে দৃশ্যমান সমালোচনা আসে স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে। অনেক শিক্ষার্থী সামাজিক মাধ্যমে অনাকর্ষণীয় খাবারের ছবি পোস্ট করে নতুন এই খাবার নীতিমালা নিয়ে তাদের অসন্তোষের কথা জানায়।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনকে উদ্ধৃত করে সিএনএন এর আগে রিপোর্ট করেছিল যে ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত সময়ে ২–৪ বছর বয়সী শিশুদের মধ্যে স্থূলতার সমস্যার ৪৩ শতাংশ কমেছে। তবে এসব পদক্ষেপ সত্ত্বেও সে সময় ৬ থেকে ১১ বছর বয়সীদের মধ্যে স্থূলতার সমস্যা বেড়ে যায়।
বিশেষজ্ঞেরা সে সময় সিএনএনকে বলেছিলেন, এই তথ্য ধারণা দিচ্ছে যে ওবামা প্রশাসনের সময়ে নেওয়া কিছু উদ্যোগ সব সমস্যার সমাধান করতে পারেনি।
বিবৃতিতে ওবামার দপ্তরকে উদ্ধৃত করে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র একটি ‘পুষ্টিসংক্রান্ত স্বাস্থ্য সংকটের’ মধ্যে রয়েছে। এতে আরও বলা হয়, শিশুরা ‘খুব বেশি পরিমাণে’ চিনি গ্রহণ করছে। প্রতিবছর তারা গড়ে খাবারে অতিরিক্ত যুক্ত করা ৫৩ পাউন্ড চিনি খাচ্ছে।