তাঁবু–ব্যাগ তৈরিতে ১১৪ কোটি টাকা বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁবু ও স্লিপিং ব্যাগ তৈরির কারখানা স্থাপনে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) বিনিয়োগ করবে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান কিনডা আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেড। এ লক্ষ্যে কোম্পানিটি ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ১১৪ কোটি টাকা (প্রতি ডলার ৯৫ টাকা ধরে) বিনিয়োগ করবে। কোম্পানিটি বছরে ২০ লাখ পিস তাঁবু, বিভিন্ন ধরনের ব্যাগ, মশারি, ফোল্ডিং চেয়ার ও ছাতা উৎপাদন করবে। এখানে কর্মসংস্থান হবে প্রায় ২ হাজার ৯৭৩ জন বাংলাদেশির।

আজ মঙ্গলবার রাজধানীর গ্রীন রোডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী দপ্তরে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও কিনডা আউটডোরের প্রতিনিধি ঝ্যাং ইয়ান চুক্তিতে সই করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ ফারুক আলম ও নাফিসা বানুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।