এ বছর ঝড় বয়ে যেতে পারে জলপাই তেলের বাজারে
বিশ্বের অলিভ অয়েল বা জলপাই তেলশিল্প এবারও উৎপাদন–সংকটে পড়তে পারে। আশঙ্কা করা হচ্ছে, দক্ষিণ ইউরোপে এবারও তাপপ্রবাহের কারণে জলপাইয়ের উৎপাদন কমতে পারে, তাতে গত বছরের মতো এবারও জলপাই তেলের উৎপাদন কমে যেতে পারে।
পৃথিবীর অর্ধেকের মতো জলপাইয়ের উৎপাদন হয় স্পেনে। চলতি বছরের এপ্রিল মাসে অর্থাৎ বসন্তকালেই স্পেনে তাপমাত্রা অনেক বেড়ে যায়। ফলে দেশটিতে জলপাইগাছে ফুল আসা ব্যাহত হয়েছে। তবে আশার কথা, গত বছরের তুলনায় সেখানে উৎপাদন ২৮ শতাংশ বাড়তে পারে। গত ১০ বছরের মধ্যে গত বছরেই স্পেনে সবচেয়ে কম জলপাই উৎপাদিত হয়েছে।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গড়পড়তা সময় স্পেনে বছরে ১৩ লাখ টন অলিভ উৎপাদিত হয়, কিন্তু গত বছর তীব্র দাবদাহের কারণে দেশটিতে মাত্র ৬ লাখ ৬০ হাজার টন অলিভ উৎপাদিত হয়েছে। সেই ভিত্তির ওপর এবার ২৮ শতাংশ উৎপাদন বাড়লেও উৎপাদন হবে ৮ লাখ ৫০ হাজার টন।
কিন্তু স্পেনে চলতি মাসে দ্বিতীয় তাপপ্রবাহ শুরু হয়েছে, তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। এই পরিস্থিতিতে আর্দ্রতা ধরে রাখতে গাছ থেকে অপরিপক্ব জলপাই ঝরে যেতে পারে। ফলে চলতি বছরে উৎপাদন বরং আরও খারাপ হতে পারে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গত বছরই সূর্যমুখী তেলের তীব্র সংকটে পড়ে বিশ্ব। ফলে চাপের মুখে পড়ে জলপাই তেলের শিল্প। হঠাৎ করেই পণ্যটির দাম বেড়ে যায়। এ বছর স্পেনে উৎপাদন কমার আশঙ্কায় বাজারদর আরও এক দফা বাড়তে পারে।
স্পেনে গত গ্রীষ্মের পর থেকেই ভয়াবহ খরা চলছে। বিশ্বের দ্বিতীয় ও চতুর্থ শীর্ষ উৎপাদক ইতালি ও পর্তুগালেও বৈরী আবহাওয়া থাকায় উৎপাদন কমছে।
বিশ্বের বৃহত্তম জলপাই তেল উৎপাদনকারী কোম্পানি ফিলিপো বেইরোর যুক্তরাজ্য শাখার প্রধান নির্বাহী ওয়াল্টার জানরে গার্ডিয়ানকে বলেন, ‘আমরা জানি, স্পেনে এ বছরও উৎপাদন কমতে যাচ্ছে। কিন্তু কেউই জানে না, স্পেনে ঠিক কী হচ্ছে। তাপমাত্রা রেকর্ড পর্যায়ে উঠলে পরিস্থিতি অনুকূল হবে না।’
তিনি আরও বলেন, ‘এবারের পরিস্থিতি যে আমাদের কতটা উদ্বিগ্ন করে তুলেছে, তা বলে বোঝাতে পারব না। গত বছর তা–ও আগের বছরের কিছু জলপাই ছিল, সে কারণে উৎপাদন হ্রাসের ধাক্কা সামলে ওঠা গেছে। কিন্তু এবার সেই সুবিধা নেই। এমনকি স্পেনে এ বছর লক্ষ্যমাত্রা অনুযায়ী ৮ লাখ ৫০ হাজার টন জলপাই উৎপাদন করা গেলেও দাম অনেক বাড়তি থাকবে।’
দ্য গার্ডিয়ানের সংবাদে বলা হয়েছে, জলপাই তেলের খুচরা মূল্য ২০২২ সালে দ্বিগুণ হয়েছে। মে মাসে যুক্তরাজ্যে জলপাই তেলের দাম আগের বছরের একই সময়ের চেয়ে ৪৭ শতাংশ বাড়তি ছিল, দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস এই তথ্য দিয়েছে।
এ ছাড়া শরৎকালীন উৎপাদন বাজারে আসতে নভেম্বর মাস লেগে যাবে, অথচ গত বছরের মজুত সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাবে। ফলে বিশ্বের উন্নত দেশের সুপারমার্কেটগুলোয় শরৎকালে জলপাই তেলের ঘাটতি হতে পারে।
ইতালিতে এখন দাবদাহ চলছে। তা যদি আরও কিছুটা দীর্ঘস্থায়ী হয় এবং তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে, তাহলে প্রায় পেকে যাওয়া জলপাই ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি পাকা ফল দাবদাহে পুড়ে যেতে পারে। ফলে এ বছর জলপাই তেলের বাজারে রীতিমতো ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।