মানুষের কতটা কাছে আর্থিক সেবা
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং—এই চার মাধ্যমে দেশের প্রায় সব মানুষের কাছে পৌঁছে গেছে আর্থিক সেবা। এখন যে কেউ চাইলে আর্থিক সেবা নিতে পারছেন এসব সুবিধা কাজে লাগিয়ে।
স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তানের ব্যাংকব্যবস্থা মূলত ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি হাতে গোনা কয়েকটি শহরে সীমাবদ্ধ ছিল। দেশ স্বাধীনের পর সরকারি ব্যাংকগুলো বিভাগীয় শহর পর্যায়ে শাখা খুলতে শুরু করে। ১৯৮৩ সালে বেসরকারি খাতের ব্যাংক চালু হওয়ার পর শুরু হয় জেলা শহরে শাখা খোলা। শহরে একটি নতুন শাখা হলে গ্রামেও সমান শাখা খুলতে হবে—২০১১ সালে এমন সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে শহরের পাশাপাশি গ্রামেও বিস্তৃত হয় ব্যাংক শাখা। ব্যাংকিং সেবা চলে যায় মানুষের আরও কাছাকাছি।
গত জুলাই মাস শেষে দেশে ব্যাংক শাখার সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ হাজার ৯৮২। শুধু শাখা নয়, ব্যাংকগুলো এখন বিকল্প মাধ্যমেও মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে এটিএম বুথ, পয়েন্ট অব সেলস বা পিওএস যন্ত্র, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), ইন্টারনেট ব্যাংকিং ও বিভিন্ন ধরনের কার্ড সেবা। এর মধ্যে অনেক সেবা দেশের বাইরে থেকেও পাওয়া যায়। সম্প্রতি ব্যাংকগুলো পরিচালন খরচ কমাতে উপশাখার মাধ্যমে ব্যাংকিং সেবা চালু করেছে। এখন ব্যাংকগুলো প্রায় ১ হাজার ৫০০ উপশাখার মাধ্যমে আর্থিক সেবা প্রদান করছে।
ব্যাংক শাখার মাধ্যমে দেশের সব এলাকায় সেবা পৌঁছানো সম্ভব না হওয়ায় ২০১৪ সালে তৃতীয় পক্ষের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করা হয়। বর্তমানে সারা দেশে ২০ হাজার এজেন্ট আউটলেট ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। গত আট বছরে এই সেবার আওতায় গ্রাহক বেড়ে হয়েছে প্রায় ১ কোটি ৬২ লাখ। আর এজেন্ট ব্যাংকিং সেবার বদৌলতে আর্থিক সেবা পেয়েছে এক নতুন রূপ।
ব্যাংকের বাইরে আর্থিক প্রতিষ্ঠানগুলোও দেশজুড়ে নানা ধরনের আর্থিক সেবা প্রদান করছে। ব্যাংকের মতো এসব প্রতিষ্ঠানেও মেয়াদি আমানত রাখা যায়, মিলছে ব্যাংকঋণও। সারা দেশে ৩০১টি শাখার মাধ্যমে আর্থিক সেবা দিয়ে যাচ্ছে ৩৫টি আর্থিক প্রতিষ্ঠান।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে তাৎক্ষণিক অর্থ আদান-প্রদানে এখন জনপ্রিয় মাধ্যম মোবাইলে আর্থিক সেবা (এমএফএস)। বিকাশ, রকেট, নগদের মতো প্রতিষ্ঠান এখন অর্থ স্থানান্তরের জনপ্রিয় মাধ্যম। এসব মাধ্যমে এখন অর্থ স্থানান্তরের পাশাপাশি ঋণ ও সঞ্চয়ের সুবিধাও মিলছে। তা ছাড়া নানা ধরনের পরিষেবা বিল শোধ করা যায় এমএফএসের মাধ্যমে। বর্তমানে দিনে প্রায় তিন হাজার কোটি টাকা লেনদেন হয় এমএফএসে।
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং—এই চার মাধ্যমে দেশের প্রায় সব মানুষের কাছে পৌঁছে গেছে ব্যাংকিং সেবা। এখন সেবা গ্রহণে ইচ্ছুক যে কেউ চাইলে হিসাব খুলে এসব সেবা নিতে পারছেন।
এ বিষয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান আনিস এ খান প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের ব্যাংক ও আর্থিক সেবা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। তবে দেশের মানুষের একটি বড় অংশ এখনো ব্যাংকিং সেবার বাইরে। সবাইকে ব্যাংকিং সেবার আওতায় আনতে হলে নতুন নতুন সেবা চালু করতে হবে। পাশাপাশি আর্থিক শিক্ষা কার্যক্রমও বাড়াতে হবে।’
আনিস এ খান বলেন, ‘ধীরে ধীরে আমাদের নগদ টাকার ব্যবহার কমিয়ে আনার দিকে যেতে হবে। জমি বা ফ্ল্যাট কেনা ও বড় লেনদেন ব্যাংকিং চ্যানেলে হতে হবে, এটা বাধ্যতামূলক করে দেওয়ার সময় এসেছে। এতে সরকারের রাজস্ব আয় বাড়বে, অবৈধ অর্থের লেনদেনও কমে যাবে।’
ব্যাংক শাখা ও আমানত-ঋণ
বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় রয়েছে সোনালী ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। ব্যবসার সম্ভাবনা কম থাকায় এখনো বেসরকারি ব্যাংকগুলো এ উপজেলায় পৌঁছায়নি। তবে সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফে সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি অনেক ব্যাংকও পৌঁছে গেছে। কারণ, সেন্ট মার্টিনের কারণে টেকনাফে পর্যটন ব্যবসা ভালো। আবার সীমান্তবর্তী এলাকা হওয়ায় নগদ টাকার ভালো চাহিদাও রয়েছে এ উপজেলায়। ফলে টেকনাফে সাউথইস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, ঢাকা ব্যাংকসহ আরও বেশ কয়েকটি ব্যাংকের শাখা রয়েছে। বর্তমানে দেশের প্রায় সব উপজেলায় ছড়িয়ে আছে ব্যাংক শাখা। পাশাপাশি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র, হাটবাজার, বন্দর এলাকাতেও ব্যাংক শাখা ছড়িয়ে পড়েছে।
গত জুন শেষে দেশে ব্যাংক শাখার সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৯৮২। গত বছরের ডিসেম্বরে ব্যাংক শাখা ছিল ১০ হাজার ৯৩৯টি। এর মধ্যে ব্যাংক শাখা সবচেয়ে বেশি ঢাকা ও চট্টগ্রামে। ঢাকায় রয়েছে ৩ হাজার ৭০২ শাখা, চট্টগ্রামে ২ হাজার ৫৫৯, রাজশাহীতে ১ হাজার ১০৯, খুলনায় ১ হাজার ৪৬, সিলেটে ৮০৩, রংপুরে ৭৩০, বরিশালে ৫৫৪ ও ময়মনসিংহ বিভাগে ৪৬০টি। ঢাকা বিভাগে ২০১৯ সালের সেপ্টেম্বরে ব্যাংক শাখা ছিল ৩ হাজার ৪৯৩টি, ২০২০ সালের সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ৩ হাজার ৫৮০টি। ব্যাংক শাখা প্রসারের ফলে গ্রাহকও বাড়ছে প্রতিনিয়ত। ফলে আমানতও বাড়ছে। গত জুন শেষে ব্যাংক খাতে আমানত বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮২ কোটি টাকা। আর ঋণ বেড়ে হয়েছে ১২ লাখ ৯৮ হাজার ৬৫৯ কোটি টাকা। সবচেয়ে বেশি আমানত রাজধানীর মতিঝিলের বিভিন্ন ব্যাংক শাখায়। এরপর আমানতে শীর্ষে চট্টগ্রাম।
উপশাখা
ব্যাংকগুলো যেখানে শাখা খুলতে পারছে না, সেখানে উপশাখার মাধ্যমে সেবা দিচ্ছে। উপশাখাগুলো পরিচালিত হচ্ছে নিকটবর্তী ব্যাংক শাখার অধীনে। কম খরচে মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দিতে একটি শাখার অধীনে কাজ করে উপশাখা। একেকটি উপশাখায় সর্বোচ্চ ১০ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করেন। তবে কোনো কোনো উপশাখা দুজন কর্মকর্তা দিয়েও চলছে। এ ধরনের উপশাখা পরিচালনায় খরচ কম বলে ব্যাংকগুলোও উপশাখা স্থাপনে বেশি আগ্রহী। এসব উপশাখা থেকে বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম ছাড়া সব ধরনের সেবা দেওয়া হয়।
বাংলাদেশে প্রায় ১ হাজার ৮০০ উপশাখা স্থাপনের অনুমতি পেয়েছে ব্যাংকগুলো। চালু হয়েছে দেড় হাজারের বেশি। বেশি উপশাখা খুলছে এমন ব্যাংকগুলো হলো আইএফআইসি, এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও ইসলামী ব্যাংক।
এনআরবি কমার্শিয়াল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুখতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘উপশাখায় খরচ কম। দ্রুত কার্যক্রম শুরু করা যায়। এ কারণে উপশাখার দিকে বেশি নজর দিয়েছিলাম। এতে ব্যাংকের ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়ছে।’
এজেন্ট ব্যাংকিং
বিংশ শতাব্দীর শেষ ভাগে বিশ্বের কয়েকটি দেশে এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয়। বাংলাদেশে এ সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয় ২০১৪ সালে। বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালের ৯ ডিসেম্বর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনাসংক্রান্ত নীতিমালা জারি করে। এরপর এ সেবার বিস্তৃতি শুরু হয়। এজেন্ট ব্যাংকিং সেবার আওতায় ইউনিয়ন পর্যায়ে পাওয়া যাচ্ছে ব্যাংকিং সেবা, স্কুলেও বসেছে ব্যাংকিং কার্যক্রম। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় দেওয়া ভাতাও গ্রামগঞ্জে সহজে পাওয়া যাচ্ছে এজেন্টদের মাধ্যমে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ-টু-আই প্রকল্পের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ইউনিয়ন পর্যায়ে সেবা সম্প্রসারণ করছে অনেক ব্যাংক। মূলত ব্যাংকের হয়ে তৃতীয় একটি পক্ষ এই সেবা প্রদান করছে। যার বিপরীতে এজেন্টরা নির্ধারিত হারে কমিশন পান।
বর্তমানে দেশে ৩০টি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে। সারা দেশে প্রায় ২০ হাজার এজেন্ট আউটলেট রয়েছে। গত জুলাই শেষে এসব এজেন্ট ব্যাংকিং সেবার আওতায় ব্যাংকে আমানত এসেছে ২৮ হাজার ৫৮৩ কোটি টাকা। করোনাকালে ব্যাংক শাখা বন্ধ থাকায় এজেন্ট ব্যাংকিং সেবায় বড় প্রবৃদ্ধি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই শেষে এজেন্ট আউটলেট বেড়ে হয়েছে ১৯ হাজার ৮৬১টি। গত ডিসেম্বর শেষে এ সংখ্যা ছিল ১৯ হাজার ২৪৭। জুলাই শেষে এজেন্ট ব্যাংকিংয়ের আওতায় গ্রাহক বেড়ে হয়েছে ১ কোটি ৬২ লাখ। গত ডিসেম্বরে গ্রাহক ছিল ১ কোটি ৪০ লাখ।
ব্যাংক এশিয়া বাংলাদেশে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে। ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী প্রথম আলোকে বলেন, এজেন্টগুলো সারা দেশে ছড়িয়ে পড়ছে। নিয়মিত ব্যাংকে সেবাও দিচ্ছে। এখন সময় এসেছে তাদের হাতে প্রযুক্তি তুলে দিয়ে আর্থিক সেবায় প্রযুক্তি বিপ্লব ঘটানোর। এতে নগদ লেনদেন কমে আসবে। অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
আর্থিক সেবার যত বিকল্প মাধ্যম
ব্যাংকের সেবা নিতে বিকল্প চ্যানেলও বেশ জনপ্রিয় হয়েছে দেশে। ফলে রাত-দিন যেকোনো সময় টাকা উত্তোলন করা যাচ্ছে এটিএম বুথ থেকে। বর্তমানে এটিএম বুথ দেশের অনেক ইউনিয়ন পর্যায়েও পৌঁছে গেছে। আবার ব্যাংকিং সময়ের বাইরে যখন-তখন টাকা জমার জন্য রয়েছে টাকা জমা যন্ত্র বা সিডিএম। রয়েছে তাৎক্ষণিক নগদ জমা ও উত্তোলন যন্ত্র (সিআরএম)। আবার কার্ডের মাধ্যমে খরচ করার জন্য দেশের উপজেলা পর্যায়েও দোকানে দোকানে রয়েছে পয়েন্ট অব সেলস (পিওএস) যন্ত্র। ব্যাংকের নতুন গ্রাহক হওয়ার পরই এখন ব্যাংকগুলো গ্রাহকদের কার্ড প্রদান করছে। এতে সেবা নিতে ভোগান্তি কমে গেছে।
কার্ডে লেনদেনের জন্য দেশে এটিএম বুথ রয়েছে ১৩ হাজার ৬৫টি, পিওএস যন্ত্র রয়েছে ১ লাখ ১৯ হাজার ৯৯৩টি। এ ছাড়া সিডিএম রয়েছে ১ হাজার ৬৮৬টি এবং সিআরএম রয়েছে ১ হাজার ৯০৭টি। গত নভেম্বর শেষে দেশে ডেবিট কার্ডের গ্রাহক বেড়ে হয়েছে ২ কোটি ৯৯ লাখ ৫০ হাজার। এ ছাড়া ক্রেডিট কার্ড গ্রাহক ছিল ১৬ লাখ ৫১ হাজার। গত জুলাইয়ে ডেবিট কার্ডে লেনদেন হয় ৩৫ হাজার ৪০৭ কোটি টাকা ও ক্রেডিট কার্ডে ২ হাজার ৫৭৮ কোটি টাকা।
মোবাইলে আর্থিক সেবা (এমএফএস)
বাংলাদেশে আর্থিক সেবায় বড় বিপ্লব এনেছে মোবাইলে আর্থিক সেবা বা এমএফএস। এর ফলে বিকাশ, রকেট, নগদ, উপায়ের মতো ১৫টি এমএফএস প্রতিষ্ঠানের সেবা নিতে গ্রাহকেরা সহজেই হিসাব খুলতে পারছেন। আর টাকা স্থানান্তর করা যাচ্ছে কয়েক সেকেন্ডে। এমএফএসের আওতায় রয়েছে ব্যাংক হিসাব থেকে টাকা স্থানান্তরের সুবিধাও। আবার এখন সঞ্চয়ের পাশাপাশি ঋণও মিলছে এ সেবায়। বিভিন্ন পরিষেবা ও কেনাকাটার বিল পরিশোধ, মুঠোফোনে রিচার্জ এবং কাউকে টাকা পাঠানোসহ নানা লেনদেনও করা যাচ্ছে ঘরে বসে। গ্রাহকেরা ঘরে বসেই ডিজিটাল কেওয়াইসি (গ্রাহক সম্পর্কিত তথ্য) ফরম পূরণ করে হিসাব খুলতে পারছেন।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, গত জুলাই শেষে এসব সেবায় নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ছিল ১৮ কোটি ১১ লাখ ৩৭ হাজার। আর সেবা দিতে সারা দেশে এমএফএস এজেন্ট রয়েছে ১৫ লাখ ২৬ হাজার ২৩৯ জন। গত জুলাইয়ে এই সেবার মাধ্যমে লেনদেন হয়েছে ৮৯ হাজার ১৬৯ কোটি টাকা। বিভিন্ন সেবার পাশাপাশি এখন এমএফএসের মাধ্যমে বৈধভাবে প্রবাসী আয়ও বিতরণ হচ্ছে।
আর্থিক প্রতিষ্ঠান
ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোও নানা ধরনের আর্থিক সেবা দিচ্ছে। তবে আর্থিক প্রতিষ্ঠান কোনো চেক প্রদান করতে পারে না, ফলে চলতি হিসাব খোলা যায় না। আর্থিক প্রতিষ্ঠানগুলোতে মেয়াদি আমানত রাখার পাশাপাশি আছে ঋণ, লিজ সুবিধা। কম সময়ে ঋণ পেতে উদ্যোক্তাদের অনেকের পছন্দ এখন আর্থিক প্রতিষ্ঠান। ফলে গত জুন শেষে আর্থিক প্রতিষ্ঠানে আমানত দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৬ কোটি টাকা। একই সময়ে ঋণ ছিল ৬৯ হাজার ৮৮ কোটি টাকা। আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যাংক থেকে টাকা ধার নিয়েও গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করতে পারে। এ জন্য আর্থিক প্রতিষ্ঠানের আমানতের চেয়ে বিতরণ করা ঋণের পরিমাণ বেশি। বর্তমানে দেশে ৩৫টি আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানের দেশজুড়ে শাখা রয়েছে ৩০১টি। এর মধ্যে ঢাকা বিভাগেই বেশি।
সার্বিক বিষয়ে জানতে চাইলে সম্প্রতি ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনউদ্দীন প্রথম আলোকে বলেন, মানুষের যতটা কাছে আর্থিক সেবা পৌঁছানো যায়, তা এরই মধ্যে পৌঁছে গেছে। যাঁদের ব্যাংক সেবা নেওয়ার সক্ষমতা আছে, তাঁরা ব্যাংক সেবা নিচ্ছেন। এখন প্রয়োজন নগদ টাকার ব্যবহার কমিয়ে আনা। এ জন্য বড় সব লেনদেন ব্যাংকিং বা ডিজিটাল চ্যানেলে আনতে হবে। এতে সব লেনদেনের রেকর্ড থাকবে। কমে আসবে অবৈধ লেনদেন। আর বাড়বে সরকারের রাজস্ব।