যুক্তরাজ্যের নিম্ন আয়ের মানুষ বড়দিনের কেনাকাটা কমিয়েছে
যুক্তরাজ্যের দুর্দশার যেন অন্ত নেই। কোভিডের সময় উন্নত দেশগুলোর মধ্যে সবচেয়ে সংকুচিত হয়েছিল যুক্তরাজ্যের অর্থনীতি। এরপর উচ্চ মূল্যস্ফীতির কারণেও ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। এখন সেভ দ্য চিলড্রেনের মতো প্রতিষ্ঠান বলছে, দেশটির দরিদ্রতম পরিবারগুলোর সামনে আরও খারাপ দিন অপেক্ষা করছে। জানুয়ারি মাসে পরিস্থিতির বড় ধরনের অবনতি হতে পারে।
রেজল্যুশন ফাউন্ডেশনের পক্ষ থেকে ইউগভ নামের একটি প্রতিষ্ঠান এক জরিপ পরিচালনা করেছে। এতে দেখা গেছে, সমাজের একদম নিচের সারির ৩১ শতাংশ পরিবার ইতিমধ্যে উপহারসামগ্রী কেনা, উৎসব বাবদ খাবারদাবার ও মৌসুমি আয়োজন একপ্রকার বন্ধ করে দিয়েছে। এর বিপরীতে দেখা গেছে, যারা অনেক বেশি আয় করেন, তাঁদের মধ্য প্রায় ১৬ শতাংশ এসব ব্যয় কাটছাঁট করেছেন। সূত্র দ্য গার্ডিয়ান।
সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী গোয়েন হাইনস বলেন, যুক্তরাজ্যের অনেক পরিবার এখন খুব খারাপ অবস্থায় আছে এবং তারা জানে, নতুন বছর পরিস্থিতি আরও কঠিন হবে। আমাদের উদ্বেগের জায়গা হলো জানুয়ারি মাসে এই আর্থিক কষ্ট মানুষকে পীড়া দিতে শুরু করবে।
ব্রিটেনের অর্থমন্ত্রী জেরেমি হান্ট ইতিমধ্যে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আগামী এপ্রিল মাস থেকে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ১০ দশমিক ১ শতাংশ হারে পারিবারিক সহায়তা দেওয়া হবে। নিম্ন আয়ের পরিবারগুলো ৯০০ পাউন্ড পাবে। এর আগে অক্টোবর-নভেম্বর মাসে তারা পেয়েছে ৬৫০ পাউন্ড।
এদিকে সেভ দ্য চিলড্রেন নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য সহযোগিতা বৃদ্ধি করতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে। বিশেষ করে শীতকালে আর্থিক দুরবস্থা বৃদ্ধি পেলে মানুষের দুর্দশার অন্ত থাকবে না।
হাইনস মনে করেন, নিম্ন আয়ের পরিবারগুলোকে এখনই বেশি সহযোগিতা দেওয়া প্রয়োজন। তা না হলে শিশুরা এর ভুক্তভোগী হবে, যার জের অনেক দীর্ঘস্থায়ী হতে পারে। সেভ দ্য চিলড্রেনের মতো প্রতিষ্ঠান মূলত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে কাজ করে। কিন্তু গত কয়েক বছরে যুক্তরাজ্যের মতো উন্নত দেশের অবস্থা এত খারাপ হয়েছে যে নিম্ন আয়ের পরিবারগুলোকে সর্বমোট ২ হাজার ৩৪৪ বার প্রত্যক্ষ সহায়তা দিয়েছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রে তীব্র শীত পড়েছে, এরপর ইউরোপে শীত আরও বাড়তে পারে, এ অবস্থায় সেভ দ্য চিলড্রেন যুক্তরাজ্যের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ২৫ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে।
সেভ দ্য চিলড্রেনের যে কর্মীরা এসব কর্মসূচি বাস্তবায়ন করছেন, তাঁরা জানাচ্ছেন, যুক্তরাজ্যের পরিবারগুলো ফল ও শাকসবজি কিনতে হিমশিম খাচ্ছে। এমনকি শিশুদের জন্য গরম কাপড় কিনতেও কষ্ট হচ্ছে তাদের। এক সাহায্যগ্রহীতা পরিবারের কথা বলেছেন তাঁরা, যে পরিবার সম্প্রতি সোশ্যাল হাউজিং বা সরকারি আশ্রয়ণ প্রকল্পে স্থান পেয়েছে, কিন্তু তারা বাড়ির নিচতলায় কার্পেট বিছাতে পারেনি। শীতের দেশে ঘরের মেঝেতে কার্পেট না থাকা কতটা কষ্টকর, তা অনুমান করা কঠিন কিছু নয়।
রেজল্যুশন ফাউন্ডেশনের জরিপে দেখা গেছে, শুধু নিম্ন আয়ের পরিবারগুলোই যে খরচ কাটছাঁট করছে তা নয়, জরিপে অংশ নেওয়া হচ্ছে ৬৪ শতাংশ শ্রমজীবী বলেছে, তারা এ বছর বড়দিনের খরচ কমাচ্ছে। পূর্বাভাস আছে, যুক্তরাজ্যে শিগগিরই মন্দা শুরু হয়ে যাবে।
জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে জনগণকে বিপুল ভর্তুকি দিচ্ছে সে দেশের সরকার। মোট ১৫ হাজার কোটি পাউন্ড ভর্তুকি দিচ্ছে তারা। বিদ্যমান পরিস্থিতিতে যুক্তরাজ্যে পরিবারের বার্ষিক জ্বালানি ব্যয় দাঁড়াতে পারে ৩ হাজার ৫৪৯ পাউন্ড। এই বাস্তবতায় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের আশঙ্কা, দেশটির কয়েক কোটি মানুষ শীতের সময় জ্বালানি দারিদ্র্যের কবলে পড়বে। এমনকি অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। সে জন্য তিনি আগেই নতুন প্রধানমন্ত্রীর কাছে বিশেষ জ্বালানি তহবিল গঠনের আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানে ব্রিটিশ সরকার সাড়া দিয়েছে। কিন্তু বাংলাদেশের মতো দেশে মানুষের দুর্ভোগ কমাতে বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আবার দেশের রপ্তানির প্রধান বাজার ইউরোপ। সেখানে মন্দা হলে বা মানুষের ক্রয়ক্ষমতা কমে গেলে বাংলাদেশের রপ্তানি মার খাবে। অর্থাৎ আমাদের মতো দেশের মানুষ নানা দিক থেকেই ভুক্তভোগী হবে।
বাস্তবতা হচ্ছে, যুক্তরাজ্যের মতো উন্নত দেশেও সেভ দ্য চিলড্রেনের মতো বেসরকারি উন্নয়ন সংস্থাকে সাহায্য নিয়ে যেতে হচ্ছে। ফলে বোঝা যাচ্ছে, দেশটির মানুষের দুর্ভোগ কোন অবস্থায় পৌঁছেছে। সরকারি সহায়তা অপর্যাপ্ত হয়ে যাওয়ায় এনজিওকে এগিয়ে আসতে হচ্ছে।