উচ্চ মূল্যে স্থিতিশীল ডিম, মুরগি, তেলের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত এক সপ্তাহে ডিম ও মুরগির দামে বড় কোনো পরিবর্তন আসেনি
প্রতীকী ছবি

বাজারে ডিম, মুরগি ও সয়াবিন তেলের দাম উচ্চমূল্যে এসে স্থিতিশীল হয়ে আছে। এক মাসে বাজারে আদা, রসুন ও পেঁয়াজের দাম বেড়েছে। বাজারে এসেছে বোরো ধানের নতুন চাল, তাতে মোটা (স্বর্ণা) ও মাঝারি (পাইজাম ও লতা) চালের দাম কমতে শুরু করেছে। সরু চালের (মিনিকেট ও নাজিরশাইল) দামে অবশ্য বড় কোনো প্রভাব নেই।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মালিবাগ ও সেগুনবাগিচা বাজার ঘুরে এবং মোহাম্মদপুর কৃষি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২২৫ টাকা। সোনালি মুরগির দাম রাখা হচ্ছে প্রতি কেজি ৩৪০ থেকে ৩৫০ টাকা। ফার্মের মুরগির বাদামি ডিমের দাম প্রতি ডজন ১৩০ থেকে ১৪০ টাকা। সাদা ডিমের দাম প্রতি ডজন ১২০ থেকে ১৩০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ২০০ থেকে ২১০ টাকা। আর হাঁসের ডিমের দাম ১৮০ থেকে ১৯০ টাকা ডজন। গত এক সপ্তাহে ডিম ও মুরগির দামে বড় কোনো পরিবর্তন আসেনি।

আরও পড়ুন

সেগুনবাগিচা বাজারের রুপালি ব্রয়লার হাউসের বিক্রেতা জুয়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মুরগির দাম এখনো বাড়তি। আমরা পাইকারি বাজার থেকে যে দামে মুরগি কিনতে পারি, তা থেকে কেজিতে ১০ থেকে ১৫ টাকা লাভ রেখে খুচরায় বিক্রি করি।’

এদিকে সরকারের বেঁধে দেওয়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১৯৯ টাকায় বিক্রি হচ্ছে। পাম তেল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৩৫ টাকা।

এদিকে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, বাজারে মোটা চালের দাম এখন প্রতি কেজি ৪৬ থেকে ৫০ টাকা। গত বছরের আগস্ট মাসে বাজারে এই চালের দাম উঠেছিল প্রতি কেজি সর্বোচ্চ ৫৫ টাকায়। টিসিবির হিসাবে, বাজারে ওই সময়ে মাঝারি চালের দাম ছিল প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকা। সংস্থাটি বলছে, মাঝারি মানের ওই চাল বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৮ থেকে ৫৫ টাকা। প্রতি কেজি সরু চালের দাম এখন ৬০ থেকে ৭৫ টাকা।

গত এক মাসের ব্যবধানে আদা, রসুন ও পেঁয়াজের দাম নতুন করে বেড়েছে। রাজধানীর মালিবাগ বাজারের ক্রেতা বেসরকারি চাকরিজীবী আফতাব হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রায় সব পণ্যের দাম বাড়তি। এখন বাড়তি খরচ না করে যেটুকু প্রয়োজন, সেটুকুই কিনি।’