আজ সোনার দাম ভরিতে কমেছে ২,৬৮৩ টাকা

সোনার গয়নাপ্রথম আলো ফাইল ছবি

দেশের বাজারে আজ শনিবারও সোনার দাম কমেছে। আজ শনিবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬৮৩ টাকা দাম কমেছে। তাতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। একই সঙ্গে আজ রুপার দামও ভরিতে ২৯২ টাকা কমেছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ শনিবার সকালে সোনা ও রুপার দাম সমন্বয় করে সংবাদ বিজ্ঞপ্তি দেয়। এতে বলা হয়, তেজাবি সোনা (পিওর গোল্ড) ও রুপার দাম কমেছে। এ জন্য সোনা ও রুপার দাম সমন্বয় করা হয়েছে।

এ নিয়ে টানা তিন দিন দেশে সোনার দাম কমল। এর আগে গতকাল শুক্রবার সকালে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা দাম কমে। আর গত বৃহস্পতিবার দাম কমেছিল ৩ হাজার ৩২৪ টাকা। তার মানে টানা তিন দিনে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে কমেছে ৮ হাজার ১৬৫ টাকা।

নতুন দর অনুযায়ী আজ শনিবার সকাল থেকে ২২ ক্যারেটে এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটে ভরিতে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

গতকাল শুক্রবার রাত পর্যন্ত সোনার দাম ছিল ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৫২ হাজার ৯৪৮ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।

তার মানে আজ শনিবার ২২ ক্যারেটে ২ হাজার ৬৮৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৫০৮ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ১৫৭ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা।

আজ সোনার পাশাপাশি রুপার দামও কমেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম কমেছে ২৯২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটে ২৯১ টাকা, ১৮ ক্যারেটে ২৩৪ টাকা ও সনাতন পদ্ধতির রুপার ভরিতে দাম কমেছে ১৭৪ টাকা।

এর ফলে আজ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা ও সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৭৩৩ টাকায়।

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দাম বাড়ানো-কমানো হয়। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আগে সোনার দাম বাড়ছিল। তবে যুদ্ধ শুরু হওয়ার পর তাতে ছেদ পড়েছে। তবে বাজারের উত্থান-পতন এখনো অব্যাহত আছে।